সাতকানিয়ায় গোলপোস্ট মাথায় পড়ে স্কুলশিক্ষার্থীর মৃত্যু
চট্টগ্রামের সাতকানিয়ায় ফুটবল খেলার কৃত্রিম টার্ফের গোলপোস্ট মাথায় পড়ে গুরুতর আহত এক স্কুলশিক্ষার্থী মারা গেছে।
নিহত এনায়েত উল্লাহ (১১) সাতকানিয়া পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের সতিপাড়া এলাকার বাদশা আলমের একমাত্র ছেলে ছিল। ছেলেটি সাতকানিয়া টাউন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির শিক্ষার্থী ছিল।
গতকাল মঙ্গলবার দিবাগত রাত ১টার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের (চমেক) আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
সাতকানিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) খন্দকার মাহমুদুল হাসান দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।
পরিবার ও স্থানীয়দের বরাতে জানা যায়, গত শুক্রবার সকালে দালু ব্রিজের পশ্চিম পাশে একটি কৃত্রিম টার্ফে বন্ধুদের সঙ্গে ফুটবল খেলতে যায় এনায়েত। খেলা শুরুর আগে নিজের শার্ট খুলে গোলপোস্টের ক্রসবারে ঝুলিয়ে রাখে। খেলা শেষে শার্টটি নামাতে গেলে গোলপোস্টটি উল্টে তার মাথার ওপর পড়ে। এতে সে গুরুতর আহত হয়।
এনায়েতের বড় বোন শাহীন আখতার বলেন, ‘প্রথমে তাকে স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে চিকিৎসকরা উন্নত চিকিৎসার জন্য চমেক হাসপাতালে পাঠান। সেখানে আইসিইউতে কোনো শয্যা খালি না থাকায় চট্টগ্রাম শহরের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করানো হয়।’
‘মাত্র তিন দিনেই বেসরকারি হাসপাতালের চিকিৎসা বিল আড়াই লাখ টাকায় পৌঁছে যায়। আমাদের পরিবারের পক্ষে এত ব্যয় বহন করা সম্ভব ছিল না,’ বলেন শাহীন।
তিনি জানান, আর্থিক সংকটের কারণে গতকাল দুপুর ২টার দিকে এনায়েতকে আবার চমেক হাসপাতালের আইসিইউতে স্থানান্তর করা হয়। সেখানেই রাতে তার মৃত্যু হয়।
ইউএনও মাহমুদুল হাসান বলেন, ‘বিষয়টি জানার পর ঘটনাস্থল পরিদর্শন করেছি। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।’
যোগাযোগ করা হলে সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর আলম জানান, তিনি এ ঘটনার বিষয়ে জানতেন না।