লতিফুর রহমান ও ফারাজের স্মরণে মৌলভীবাজার-ব্রাহ্মণবাড়িয়া-টাঙ্গাইলে ফ্রি মেডিকেল ক্যাম্প
দেশের শীর্ষস্থানীয় ব্যবসায়ী গ্রুপ ট্রান্সকমের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান লতিফুর রহমান ও তার নাতি ফারাজ আয়াজ হোসেনের মৃত্যুবার্ষিকী উপলক্ষে দেশের বিভিন্ন এলাকায় ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।
আজ বুধবার মৌলভীবাজার, ব্রাহ্মণবাড়িয়া ও টাঙ্গাইলে আয়োজিত এসব মেডিকেল ক্যাম্পে স্থানীয় নারী, পুরুষ ও শিশুদের বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ দেওয়া হয়।
মৌলভীবাজার
মৌলভীবাজারের কুলাউড়ার কালিটি চা বাগান হাসপাতালে মেডিকেল ক্যাম্পের আয়োজন করে ফারাজ হোসেন ফাউন্ডেশন ও এসকেএফ ফার্মাসিউটিক্যালস লিমিটেড।
এখানে প্রায় ৬০০ দরিদ্র ও চা-শ্রমিককে বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ দেওয়া হয়।
এসকেএফ ফার্মাসিউটিক্যালস লিমিটেড কুলাউড়ার এরিয়া ম্যানেজার মো. শহিদুল ইসলাম জানান, বুধবার সকাল ৯টা থেকে ক্যাম্পের কার্যক্রম শুরু হয়।
এ সময় কালিটি চা বাগানের সহকারী ব্যবস্থাপক মো. মিজানুর রহমান এবং বাগান পঞ্চায়েত কমিটির সাধারণ সম্পাদক উত্তম কালোয়ারসহ স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন।
ক্যাম্পে রোগীদের চিকিৎসা দেন ডা. মোস্তফা মাহমুদ ইমরান তালুকদার ও ডা. শেখ শামীমা জেরিন।
চিকিৎসা নিতে আসা ৩০ বছর বয়সী রামলক্ষণ পাশীর দুই বছর বয়সী মেয়ের গলায় দুই সপ্তাহ আগে ঘা হয়েছে। তিনি জানান, বিনামূল্যে চিকিৎসা ক্যাম্পের খবর পেয়ে তিনি মেয়েকে নিয়ে সেখানে আসেন এবং চিকিৎসা ও ওষুধ পান।
ব্রাহ্মণবাড়িয়া
ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার গৌতমপাড়া ঘাটুরা উচ্চ বিদ্যালয়ে ‘মানবতার জন্য বিশেষজ্ঞ চিকিৎসা’ শীর্ষক দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করে ফারাজ হোসেন ফাউন্ডেশন। কর্মসূচিটির সমন্বয় করে এসকেএফ ফার্মাসিউটিক্যালস লিমিটেড।
সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত অনুষ্ঠিত এ ক্যাম্পের উদ্বোধন করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক প্রদীপ সরকার।
সদর উপজেলার সুহিলপুর এলাকার বাসিন্দা ফেরদৌসা আক্তার জানান, তিনি নিজের শারীরিক সমস্যার জন্য বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শের পাশাপাশি বিনামূল্যে ওষুধও পেয়েছেন।
টাঙ্গাইল
ঘাটাইল উপজেলার কোলাহা এলাকার শহীদ স্মৃতি উচ্চ বিদ্যালয়ে ফারাজ হোসেন ফাউন্ডেশনের আয়োজনে দিনব্যাপী মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।
এতে প্রায় ৪০০ রোগীকে বিনামূল্যে চিকিৎসা ও প্রয়োজনীয় ওষুধ দেওয়া হয়।
মেডিসিন, সার্জারি, গাইনি ও প্রসূতি, নাক-কান-গলা, দন্ত, হৃদরোগ, ডায়াবেটিস, বক্ষব্যাধি এবং শিশুরোগ বিশেষজ্ঞ চিকিৎসকেরা রোগীদের সেবা দেন।