গাঢ় নীল-হালকা জলপাই শার্ট ও খাকি প্যান্টে ফিরছে পুলিশ

স্টার অনলাইন রিপোর্ট

পুলিশের পোশাকের রং পরিবর্তন করেছে সরকার। এতে মাত্র সাত মাস আগে অন্তর্বর্তী সরকারের সময়ে পরিবর্তন করা হালকা জলপাই ও গাঢ় নীল শার্ট ফিরিয়ে আনা হয়েছে।

তবে নতুন পোশাকে ২০০৪ সালের পর প্রথমবারের মতো সব সদস্যের প্যান্ট হবে খাকি।
 

‘পুলিশ ড্রেস রুল ২০২৫’ সংশোধনের পর গতকাল বৃহস্পতিবার এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়। এতে সই করেন পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, জেলা পুলিশ ও অন্যান্য ইউনিটের সদস্যরা গাঢ় নীল শার্ট পরবেন। আর মহানগর পুলিশ ইউনিটগুলো পরবে হালকা জলপাই রঙের শার্ট। সব সদস্যের জন্য প্যান্ট হবে খাকি।

এতে আরও বলা হয়, সংশোধিত পোশাক নীতি আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন), স্পেশাল সিকিউরিটি অ্যান্ড প্রোটেকশন ব্যাটালিয়ন (এসপিবিএন), স্পেশাল ব্রাঞ্চ (এসবি), ক্রিমিনাল ইনভেস্টিগেশন ডিপার্টমেন্ট (সিআইডি) ও র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‍্যাব) ক্ষেত্রে প্রযোজ্য হবে না। তাদের বর্তমান পোশাক অপরিবর্তিত থাকবে।