মোবাইল ফোন বিস্ফোরণে দগ্ধ ব্যবসায়ীর মৃত্যু
সাভারের আশুলিয়ায় মোবাইল ফোন বিস্ফোরণে দগ্ধ ব্যবসায়ীর মারা গেছেন।
আজ রোববার দুপুর ২টার দিকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
মৃত মিজানুর রহমান (৪৪) ফেনীর ছাগলনাইয়া থানার লাঙলমোড়া গ্রামের সিদ্দিকুর রহমানের ছেলে। তিনি আশুলিয়ার রশিদ মার্কেট এলাকায় থাকতেন ও স্টক লটের ব্যবসা করতেন।
বার্ন ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক ডা. শাওন বিন রহমান দ্য ডেইলি স্টারকে বলেন, শনিবার দিবাগত রাত ৩টার দিকে মিজানুরকে ভর্তি করা হয়। তার তার শরীরের ৯৫ শতাংশ দগ্ধ হয়েছিল।
মিজানুরের প্রতিবেশী রবিউল ইসলাম ডেইলি স্টারকে বলেন, শনিবার রাত ১২টার দিকে মিজানুরের কক্ষে হঠাৎ বিস্ফোরণ হয়। এতে ঘরের ভেতরে আগুন ধরে যায়। পরে মিজানুরকে দগ্ধ অবস্থায় উদ্ধার করে বার্ন ইনস্টিটিউটে নেওয়া হয়।
আরেক প্রতিবেশী সবুজ মিয়া বলেন, মিজানুর কক্ষে একা থাকতেন। তার মোবাইল ফোন ও চার্জার পোড়া অবস্থায় পাওয়া গেছে।
আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম ডেইলি স্টারকে বলেন, মিজানুর রহমান দুটি মোবাইল ফোন চার্জে দিয়ে ঘুমিয়ে ছিলেন। হঠাৎ মোবাইল ফোন বিস্ফোরিত হলে তিনি দগ্ধ হন।
জিরাবো মডার্ন ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আহমেদুল কবির ডেইলি স্টারকে বলেন, ওভার হিটিং থেকে অনেক সময় মোবাইল ফোন বা চার্জার বিস্ফোরণ হয়ে থাকে।