মতিঝিল-আশুলিয়ায় বোমা: জেএমবির সন্দেহভাজন সদস্য গ্রেপ্তার
রাজধানীর মতিঝিল ও সাভারের আশুলিয়ায় বোমা উদ্ধারের ঘটনায় নিষিদ্ধ জঙ্গি সংগঠন জেএমবির এক সন্দেহভাজন সদস্যকে গ্রেপ্তার করেছে ডিএমপির কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিট (সিটিটিসি)।
সিটিটিসির যুগ্ম কমিশনার মুনশী শাহাবুদ্দীন বিষয়টি নিশ্চিত করে দ্য ডেইলি স্টারকে বলেন, গ্রেপ্তার আরিফুল ইসলাম এই দুই ঘটনার মূলহোতা।
এসব ঘটনায় জড়িত অন্যদের গ্রেপ্তারে অভিযান চলছে বলেও জানান তিনি।
গত ২৪ জুলাই মতিঝিল মেট্রোরেল স্টেশনের কাছে একটি ছাতার ভেতরে লুকানো অবস্থায় একটি ইমপ্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস (আইইডি) উদ্ধার করা হয়। পরে ডিএমপির বোম্ব ডিসপোজাল ইউনিট ঘটনাস্থলে গিয়ে নিরাপদে ডিভাইসটি নিষ্ক্রিয় করে।
এর কয়েকদিন পর, গত ৩১ জুলাই আশুলিয়ায় একটি মুদি দোকানের বাইরে ফেলে রাখা তালাবদ্ধ ব্যাগ থেকে আরেকটি বোমা উদ্ধার করা হয়। প্রেশার কুকারের ভেতরে রাখা ওই বোমাটি কালো আঠালো টেপ দিয়ে মোড়ানো ছিল।
দুটি ঘটনায় সংশ্লিষ্টতার অভিযোগে আরিফুল ইসলামকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে সিটিটিসি।
