মহাখালী-তেজগাঁও সড়কে শ্রমিক অবরোধ, যান চলাচল বন্ধ

স্টার অনলাইন রিপোর্ট

বকেয়া বেতনের দাবিতে রাজধানীর মহাখালী-তেজগাঁও সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন নাসা গ্রুপের প্রায় ৫০০ শ্রমিক। এতে ওই এলাকায় যান চলাচল বন্ধ রয়েছে।

আজ সোমবার বিকেলে ৪টার দিকে এ বিক্ষোভ শুরু করেন তারা।

শ্রমিকরা সড়কে অবস্থান নিলে যান চলাচল বন্ধ হয়ে যায়। আশপাশের সড়কগুলোতেও দীর্ঘ যানজট দেখা দেয়।

তেজগাঁও শিল্পাঞ্চল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান দ্য ডেইলি স্টারকে বলেন,  প্রতিষ্ঠানটি বন্ধ রয়েছে। শ্রমিকরা এখনো এক মাসের বেতন পাননি।

তিনি আরও বলেন, ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে। শ্রমিকদের সড়ক ছেড়ে দেওয়ার জন্য বোঝানো হচ্ছে।