হাসিনা বাংলাদেশে ফিরলে পূর্ণ নিরাপত্তা দেওয়া হবে: উপদেষ্টা জাহেদ

স্টার অনলাইন রিপোর্ট

ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশে ফিরলে সরকার তাকে পূর্ণ নিরাপত্তা দেবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা জাহেদ উর রহমান।

আজ মঙ্গলবার সচিবালয়ে নিয়মিত সংবাদ সম্মেলনে সাংবাদিকের প্রশ্নের জবাবে এ কথা জানান তিনি।

জাহেদ উর রহমান বলেন, ‘হাসিনা ডিসেম্বরে দেশে ফেরার কথা বলেছেন। তিনি ফিরলে তাকে পূর্ণ নিরাপত্তা দেওয়া হবে এবং সব আইনগত ও সাংবিধানিক অধিকার নিশ্চিত করে বিচারের মুখোমুখি করা হবে।’

তিনি বলেন, ‘আদালত যে রায়ই দেন না কেন, তা সবাইকে মেনে নিতে হবে।’

সাবেক সংসদ সদস্য ও ক্রিকেটার সাকিব আল হাসানকে নিয়ে করা এক প্রশ্নের জবাবে জাহেদ বলেন, ‘সাকিবও পূর্ণ নিরাপত্তায় বাংলাদেশে ফিরে তার বিরুদ্ধে ওঠা অভিযোগের মুখোমুখি হতে পারেন।’

তিনি আরও বলেন, ‘তিনি (সাকিব) ভালো খেলোয়াড় হতে পারেন। উনি একজন নষ্ট-পচে যাওয়া মানুষ, যে মানুষ হাসিনার সঙ্গে অ্যালাইন হন এবং এখনো অ্যালাইন থাকেন।’  

উপদেষ্টা বলেন, ‘গুরুতর অপরাধে অভিযুক্ত ব্যক্তিদেরও রাজনৈতিক পরিচয় নির্বিশেষে সবার সাংবিধানিক ও নাগরিক অধিকার নিশ্চিত করা হবে।’

‘আমরা হাসিনার মতো মাফিয়া রেজিম এই দেশে আর দেখতে চাই না। এটা ভবিষ্যতেও হতে দেবো না। কোনো ফ্যাসিস্ট-মাফিয়া রেজিম না, এটা একটা গণতান্ত্রিক রাষ্ট্র’, বলেন তিনি।

ভারতের গোয়েন্দা সংস্থা ‘র’ প্রধানের ঢাকা সফরের বিষয়ে এক প্রশ্নের জবাবে জাহেদ উর রহমান বলেন, ‘সফরটি দুই প্রতিবেশী দেশের নিয়মিত যোগাযোগের অংশ ছিল। বাংলাদেশের প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তরের (ডিজিএফআই) মহাপরিচালকের সাম্প্রতিক ভারত সফরের মতোই এটিও ছিল নিয়মিত যোগাযোগের অংশ।’