ছোট ২ ভাইয়ের হাত-পা বেঁধে বড় ভাইকে হত্যার অভিযোগ

নিজস্ব সংবাদদাতা, কিশোরগঞ্জ

কিশোরগঞ্জের মিঠামইন উপজেলায় ছোট ২ ভাইয়ের হাত-পা বেঁধে বড় ভাইকে নদীতে ফেলে বল্লম দিয়ে আঘাত করে হত্যার অভিযোগ পাওয়া গেছে।

উপজেলার মুশুরিয়া এলাকায় মঙ্গলবার দিবাগত রাত আড়াইটার দিকে এ ঘটনা ঘটে।

মিঠামইন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. লিয়াকত আলী দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।

নিহত সাইদুর রহমান (৩০) উপজেলার ধলাই গোপদিঘী এলাকার ফুল মিয়ার ছেলে। আহত ২ ভাই হলেন—আনিছুর রহমান (২৭) ও আতাউর রহমান (২৫)।

স্থানীয় সূত্রে জানা গেছে, গভীর রাতে ৩ ভাই ঘোড়াউত্রা নদীতে মাছ ধরছিলেন। এ সময় মুখোশধারী চারজন ব্যক্তি দেশীয় অস্ত্র বল্লম ও দা নিয়ে তাদের ওপর হামলা চালায়। হামলাকারীরা প্রথমে আনিছুর ও আতাউরকে মারধর করে হাত-পা বেঁধে ফেলে। পরে সাইদুর রহমানকে নদীর পানিতে ফেলে বল্লম দিয়ে আঘাত করে। একপর্যায়ে তিনি পানিতে ডুবে গেলে হামলাকারীরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে মিঠামইন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আব্দুল্লাহ-আল-শাফী ডেইলি স্টারকে বলেন, রাত সাড়ে ৪টার দিকে সাইদুরকে হাসপাতালে আনা হয়। তার ডান পাশে ফুসফুসের ওপরের অংশে গুরুতর আঘাতের চিহ্ন ছিল। হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে।

ওসি লিয়াকত আলী বলেন, মরদেহের সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জ শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনতে কাজ চলছে।