পাসপোর্টে ফিরছে ‘ইসরায়েল ব্যতীত’, বড় পরিবর্তন আসছে জলছাপেও
বাংলাদেশের সাধারণ পাসপোর্টে আবারও পুনর্বহাল করা হচ্ছে ‘এক্সেপ্ট ইসরায়েল’ (ইসরায়েল ব্যতীত) শব্দবন্ধ। একই সঙ্গে পাসপোর্টের ভেতরের পাতার জলছাপ (ওয়াটারমার্ক) পরিবর্তন করে সেখানে যুক্ত করা হচ্ছে জুলাই গণঅভ্যুত্থানের শহীদ আবু সাঈদের ছবি ও দেশের বিভিন্ন ঐতিহ্যবাহী স্থাপনা ও নিদর্শন।
ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তর এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একাধিক সূত্র এ তথ্য নিশ্চিত করেছে। সূত্রগুলো জানিয়েছে, এ পরিবর্তনের অংশ হিসেবে পাসপোর্টের ভেতরের পাতার প্রায় এক ডজন ওয়াটারমার্ক নতুনভাবে ডিজাইন করা হবে।
ইসরায়েলের সঙ্গে বাংলাদেশের কোনো কূটনৈতিক সম্পর্ক নেই এবং অতীতেও কখনো ছিল না। স্বাধীনতার পর থেকেই বাংলাদেশি পাসপোর্টে লেখা থাকত, ‘দিস পাসপোর্ট ইস ভ্যালিড ফর অল কান্ট্রিস অব দ্য ওয়ার্ল্ড এক্সেপ্ট ইসরায়েল’ (এই পাসপোর্টটি ইসরায়েল ব্যতীত বিশ্বের সব দেশের জন্য বৈধ)।
তবে ২০২০ সালের শেষ দিকে তৎকালীন আওয়ামী লীগ সরকারের আমলে কোনো আনুষ্ঠানিক ঘোষণা ছাড়াই পাসপোর্ট থেকে ‘এক্সেপ্ট ইসরায়েল’ শব্দবন্ধটি বাদ দেওয়া হয়।
এখন সেটি পুনর্বহালের উদ্যোগ নিয়েছে সরকার। এ জন্য পাসপোর্ট অধিদপ্তর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে একটি প্রস্তাব পাঠিয়েছে। মন্ত্রণালয় ইতোমধ্যে এতে সম্মতি দিয়েছে এবং চূড়ান্ত অনুমোদনের জন্য প্রস্তাবটি সরকারপ্রধানের কাছে পাঠানো হবে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
যোগাযোগ করা হলে পাসপোর্ট অধিদপ্তরের মহাপরিচালক নূরুল আনোয়ার বলেন, এ উদ্যোগ তাদের অধিদপ্তর থেকে শুরু হয়নি। তিনি বলেন, এটি সরকারের সর্বোচ্চ পর্যায়ের সিদ্ধান্ত। কূটনৈতিক পাসপোর্টে বিষয়টি ইতোমধ্যে বাস্তবায়ন করা হয়েছে।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সূত্র জানিয়েছে, অন্তর্বর্তীকালীন সরকারের সময়ই এ সিদ্ধান্ত বাস্তবায়নের পরিকল্পনা করা হয়েছিল। গত বছরের ৭ এপ্রিল এ-সংক্রান্ত একটি আদেশও জারি করা হয়। তবে কূটনৈতিক পাসপোর্ট ছাড়া অন্য ক্ষেত্রে তা পুরোপুরি কার্যকর না হওয়ায় এখন নতুন করে উদ্যোগ নেওয়া হয়েছে।
এদিকে পাসপোর্টের পাতার ওয়াটারমার্কেও বড় ধরনের পরিবর্তন আনা হচ্ছে। নতুন ডিজাইনে যুক্ত হচ্ছে জুলাই গণঅভ্যুত্থানের প্রতীক হিসেবে দুই হাত প্রসারিত করে দাঁড়িয়ে থাকা শহীদ আবু সাঈদের ছবি।
এছাড়া বঙ্গভবন, জিআই পণ্য জামদানি শাড়ি, জাতীয় ফল কাঁঠাল, জাতীয় মাছ ইলিশ, আমবাগান, সুনামগঞ্জের টাঙ্গুয়ার হাওর, বান্দরবানের নীলগিরি এবং নারায়ণগঞ্জের পানাম নগরীর ছবিও রাখা হচ্ছে।
বর্তমানে থাকা কক্সবাজার সমুদ্রসৈকতের নৌকাসহ একটি ছবিও পরিবর্তন করা হবে বলে জানা গেছে।
অন্যদিকে বাদ পড়ছে ধানমন্ডি ৩২ নম্বর, টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিসৌধ, সোহরাওয়ার্দী উদ্যানের স্বাধীনতা স্তম্ভ, মডেল মসজিদ, দিনাজপুরের কান্তজিউ মন্দির, বঙ্গবন্ধু সেতু (যমুনা সেতু), পদ্মা সেতু, মেট্রোরেল, রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র এবং মেহেরপুরের মুজিবনগর স্মৃতিসৌধের ছবি।