পাটওয়ারীর বক্তব্যে মনঃক্ষুণ্ন হইনি, আমরা অভ্যস্ত: সিইসি
‘ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ইলেকশন ইঞ্জিনিয়ারিং হয়েছে, নির্বাচন কমিশনের (ইসি) বিচার করা হবে’—এনসিপি নেতা নাসীরুদ্দীন পাটওয়ারীর এমন বক্তব্যের পরিপ্রেক্ষিতে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন বলেন, উনার (পাটওয়ারী) এ ধরনের বক্তব্যে আমরা অভ্যস্ত। আমরা এক ধরনের প্রতিরোধের মধ্যেই আছি।
তিনি আরও বলেন, নাসীরুদ্দীন পাটওয়ারী প্রায় আমাদের সঙ্গে দেখা করতেন। পরে দরজার বাইরে গিয়ে গালি দিতেন। এই গালি আপনাদের কাছে নতুন। অনেকের কাছে নতুন হইতে পারে। কিন্তু আমাদের কাছে নয়। বিশ্বাস করেন, আমি সামান্যতম কিন্তু মনঃক্ষুণ্ন হয়নি।
আজ সোমবার দুপুরে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনের নির্বাচনী প্রশিক্ষণ ইনস্টিটিউটে এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
নবনির্বাচিত কমিটির অভিষেক ও বিদায়ী কমিটির সদস্যদের সংবর্ধনা দিতে রিপোর্টাস ফোরাম ফর ইলেকশন অ্যান্ড ডেমোক্রেসি (আরএফইডি) এ অনুষ্ঠানের আয়োজন করে।
সিইসি বলেন, নাসীরুদ্দীন পাটওয়ারী জাতীয় গুরুত্বপূর্ণ একজন নেতা। ব্যক্তিগতভাবেও আমি তাকে খুব পছন্দ করি। তিনি মুখের ওপর স্পষ্টভাবে কথা বলতে পারেন, যা খুবই বিরল গুণ। তিনি অন্তরে যা বিশ্বাস করেন, সেটাই বলেছেন। নিজের অনুভূতি ও মতপ্রকাশের সুযোগ থাকাই গণতন্ত্রের সৌন্দর্য। তাই তার ওই বক্তব্যে আমি মোটেও আহত হইনি।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন প্রসঙ্গে নাসির উদ্দিন বলেন, নির্বাচন কেমন হয়েছে, তা নিয়ে আপনাদের মধ্যে হয়তো মনঃক্ষুণ্ন থাকতে পারে। এটা বিচারের দায়িত্ব দেশবাসীর। আন্তর্জাতিক মহলও বিষয়টি দেখেছে, আমাদের সাংবাদিক ভাই-বোনেরাও প্রত্যক্ষ করেছেন। এ নিয়ে আমি নিজে কোনো মূল্যায়ন করতে চাই না।
তিনি আরও বলেন, আমাদের ভুল-ত্রুটি থাকতে পারে, কারণ আমরা তো ফেরেশতা নই। তবে আমরা কোনো বিশেষ উদ্দেশ্য বা পরিকল্পনা নিয়ে কাজ করিনি। আমাদের একমাত্র লক্ষ্য ছিল একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজন করা এবং সব প্রার্থীর জন্য সমান সুযোগ নিশ্চিত করা। সেই লক্ষ্য নিয়েই আমরা কাজ করেছি।
নির্বাচনের সময় অন্তর্বর্তী সরকার ইসিকে পূর্ণ সহযোগিতা করেছে উল্লেখ করে সিইসি বলেন, সরকার ছাড়া নির্বাচন আয়োজন প্রায় অসম্ভব। সেই সহযোগিতা আমরা আগের সরকারের কাছ থেকে পেয়েছি। এখানে বলতে আমার কোনো দ্বিধা নেই। আগের অন্তর্বর্তী সরকার আমাদের পুরোপুরি সমর্থন দিয়েছে এবং কোনো ধরনের হস্তক্ষেপ করেনি।
তিনি আরও বলেন, আমরা কতটা সফল হয়েছি, সেই মূল্যায়ন দেশবাসীর ওপরই থাকল।
সর্বোপরি উপরে আল্লাহ তালার কাছে ফাইনাল বিচার আছে, এসেসমেন্ট তো আছেই।