ময়মনসিংহে আকস্মিক বন্যায় পানিবন্দি শতাধিক পরিবার
টানা বৃষ্টি ও উজানের পাহাড়ি ঢলে ময়মনসিংহের হালুয়াঘাট এবং ধোবাউড়া উপজেলায় আকস্মিক বন্যায় ২০টিরও বেশি গ্রাম প্লাবিত হয়েছে। এতে শতাধিক পরিবার পানিবন্দি হয়ে পড়েছে।
আজ বুধবার হালুয়াঘাট উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফয়সাল আহমেদ দ্য ডেইলি স্টারকে বলেন, গত রাত থেকে টানা ভারী বৃষ্টি ও সীমান্ত দিয়ে নেমে আসা পাহাড়ি ঢলের কারণে
গাজিরভিটা, ভুবনকুড়া ও হালুয়াঘাট সদর-এই তিনটি ইউনিয়নে আকস্মিক বন্যা দেখা দেয়।
ক্ষতিগ্রস্ত গ্রামগুলোর মধ্যে রয়েছে—মাজরাকুড়া, কুমারগাতি, মহিষলেটি, আচকিপাড়া, তেলিখালী, করইতলী, গাজিরভিটা, বোয়ালমারা, ডুমনিকুড়া, সূর্যপুর, সুমনিয়ারা, কাটালমারী, গুবরাকুড়া, মনিকুড়া, রাঙরাপাড়া ও কালিনীকান্দা।
তিনি বলেন, গুরুত্বপূর্ণ দুটি কাঁচা সড়কের কিছু অংশ ভেঙে গেছে এবং সীমান্তবর্তী এলাকার ফসলি জমি ও বসতবাড়ি প্লাবিত হয়েছে।
এদিকে, ধোবাউড়ায় নেতাই নদীর গামারিতলা এলাকায় আজ বিকেলে আকস্মিক বন্যার কারণে বাঁধ ভেঙে গেছে। সকাল থেকে টানা ভারী বৃষ্টি ও উজানের পাহাড়ি ঢলের কারণে এ পরিস্থিতির সৃষ্টি হয়।
ধোবাউড়া উপজেলার ইউএনও মো. মোশাররফ হোসেন ডেইলি স্টারকে বলেন, গামারিতলা,
ঘোষগাঁও ও দক্ষিণ মাইজপাড়া ইউনিয়ন সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে।
তিনি আরও বলেন, বোরো ধানসহ অন্যান্য কৃষিপণ্যের ক্ষয়ক্ষতি নিরূপণে কৃষি কর্মকর্তাদের নির্দেশ দেওয়া হয়েছে।