অন্য আদালতের কার্যক্রমে যেতে পারবেন না ডেপুটি ও অ্যাসিস্ট্যান্ট অ্যাটর্নি জেনারেলরা
রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনার জন্য ডেপুটি ও অ্যাসিস্ট্যান্ট অ্যাটর্নি জেনারেলদের নির্ধারিত আদালত ছাড়া অন্য আদালতে না যাওয়ার নির্দেশ দিয়েছেন অ্যাটর্নি জেনারেল মো. রুহুল কুদ্দুস কাজল।
অ্যাটর্নি জেনারেল কার্যালয়ের প্রশাসনিক কর্মকর্তা মো. নাসির উদ্দিনের গতকাল বুধবার সই করা এক বিজ্ঞপ্তিতে এ নির্দেশনার কথা জানানো হয়।
এতে বলা হয়, বিভিন্ন আদালতে নিয়োজিত কয়েকজন ডেপুটি ও অ্যাসিস্ট্যান্ট অ্যাটর্নি জেনারেল আদালতের কার্যক্রম চলাকালে নির্ধারিত আদালত ছেড়ে অন্য আদালতে যাচ্ছেন।
একইসঙ্গে তারা অন্য আদালতের মামলায় প্রভাব বিস্তারের চেষ্টা করছেন বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।
বিজ্ঞপ্তিতে সংশ্লিষ্ট ডেপুটি ও অ্যাসিস্ট্যান্ট অ্যাটর্নি জেনারেলদের নির্ধারিত আদালত ছাড়া অন্য কোনো আদালতে না যাওয়ার নির্দেশ দেওয়া হয়।