অপেক্ষায় ছিল ২ দুর্বৃত্ত, যুবককে দেখেই এলোপাতাড়ি গুলি
রাজধানীর নিউমার্কেট এলাকায় দুর্বৃত্তের গুলিতে অজ্ঞাতপরিচয় এক যুবক (৪২) নিহত হয়েছেন।
আজ মঙ্গলবার রাত ৮টার দিকে নিউমার্কেটের বটতলা এলাকায় শহীদ শাহ নেওয়াজ হল সংলগ্ন রাস্তায় এ ঘটনা ঘটে।
মুমূর্ষু অবস্থায় কয়েকজন শিক্ষার্থী তাকে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে যান। সেখানে রাত সাড়ে ৮টার দিকে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিউমার্কেট জোনের সহকারী পুলিশ কমিশনার (এসি) মো. নাসিম এ গুলশান দ্য ডেইলি স্টারকে এসব তথ্য নিশ্চিত করেছেন।
ওই যুবককে হাসপাতালে নিয়ে আসা শিক্ষার্থী মো. মেজবাহ রহমান ডেইলি স্টারকে বলেন, দুইজন দুর্বৃত্ত মোটরসাইকেলে এসে ওই যুবককে এলোপাতাড়ি গুলি করেন। তখন তিনি গুলিবিদ্ধ হয়ে রাস্তায় পড়ে যান। সেসময় আশপাশের লোকজন ধাওয়া দিলে তারা পালিয়ে যান।
তিনি বলেন, হামলাকারী দুইজনই ক্যাপ ও মাস্ক পরা ছিলেন।
প্রত্যক্ষদর্শী রতন হোসেন ডেইলি স্টারকে বলেন, ওই যুবক হেঁটে বটতলা এলাকা থেকে নিউমার্কেটের দিকে যাচ্ছিলেন। শহীদ শাহ নেওয়াজ হলের গেটের কাছে একটি মোটরসাইকেলে দুইজন অপেক্ষা করছিলেন। ওই যুবক আসতেই একজন মোটরসাইকেল থেকে নেমে ৪ রাউন্ড গুলি ছোড়ে।
তিনি বলেন, গুলিবিদ্ধ হয়ে তিনি মাটিতে পড়ে গেলে হামলাকারী এগিয়ে গিয়ে মাথায় আরেকটি গুলি করে। সেসময় আশপাশের লোকজন এগিয়ে এলে হামলাকারী তাদের লক্ষ্য করেও গুলি ছোড়ে। পরে মোটরসাইকেলে তারা পালিয়ে যায়।
ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক ডেইলি স্টারকে বলেন, নিহত যুবকের মাথাসহ শরীরে একাধিক গুলির চিহ্ন রয়েছে। মরদেহ মর্গে রাখা হয়েছে।
নিউমার্কেট থানার উপপরিদর্শক (এসআই) মো. শাহাদৎ হোসেন ডেইলি স্টার বলেন, নিহত যুবকের পরিচয়সহ বিস্তারিত ঘটনার জানার চেষ্টা চলছে।
সহকারী পুলিশ কমিশনার নাসিম এ গুলশান বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। আশপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হচ্ছে। তবে এখনো নিহত যুবক ও হামলাকারীদের পরিচয় নিশ্চিত করা যায়নি। তদন্ত চলছে।