টাঙ্গাইলে বাস-ট্রাক সংঘর্ষ, নিহত ২
টাঙ্গাইলের ঘাটাইলে যাত্রীবাহী বাস ও বালুভর্তি ট্রাকের সংঘর্ষে বাসের সুপারভাইজার ও হেলপার নিহত হয়েছেন।
আজ সোমবার সকাল ৬টায় টাঙ্গাইল-ময়মনসিংহ সড়কের ঘাটাইল উপজেলার হামিদপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন পার্শ্ববর্তী গোপালপুর উপজেলার মনতলা গ্রামের লাল মামুদের ছেলে বাসের সুপারভাইজার আতিকুল ইসলাম (৪০) ও একই উপজেলার পাকুয়া গ্রামের মৃত আমজাদ হোসেন ছেলে বাসের হেলপার মজন মিয়া (৪৩) ।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গোপালপুর থেকে ছেড়ে আসা একটি যাত্রীবাহী বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা বালুবোঝাই ট্রাকের সংঘর্ষে হলে এ দুর্ঘটনা ঘটে। এ সময় ঘটনাস্থলেই বাসের হেলপার ও সুপারভাইজার বালুবাহী ট্রাকের নিচে চাপা পড়ে নিহত হয়।
পরে দুর্ঘটনায় উদ্ধারকাজে অংশ নেওয়ার সময় রশি ছিঁড়ে মাথায় আঘাত পেয়ে স্থানীয় বিদ্যুৎ নামে এক যুবক আহত হন। এ সময় যান চলাচল বন্ধ হলেও পরে পুলিশ ও স্থানীয়দের সহায়তায় যান চলাচল স্বাভাবিক হয়।
ঘাটাইল থানার ওসি মো. মোকছেদুর রহমান জানান, গোপালপুর থেকে ছেড়ে আসা যাত্রীবাহী বাসের সঙ্গে বালুবোঝাই ট্রাকের সংঘর্ষ হলে এ দুর্ঘটনা ঘটে। পরে ঘাটাইল থানা পুলিশ ও কালিহাতী ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে উদ্ধার কাজে অংশ নেয়। এ ঘটনায় দুইজন নিহত হয়েছেন। পরবর্তী আইনি প্রক্রিয়া চলছে।