জুলাই সনদ, সংস্কার ও গণভোটকে অস্বীকৃতি জানিয়েছে বিএনপি সরকার: নাহিদ ইসলাম
বিএনপি সরকার পল্টি দিয়ে জুলাই সনদ, সংস্কার ও গণভোটকে অস্বীকৃতি জানিয়েছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও ঢাকা-১১ আসনের সংসদ সদস্য বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম।
জুলাই পদযাত্রার অংশ হিসেবে আজ মঙ্গলবার বিকেলে টাঙ্গাইলের সখিপুরে আয়োজিত পথসভায় এমন মন্তব্য করেন তিনি।
নাহিদ ইসলাম বলেছেন, 'জুলাই সনদের জন্যই নির্বাচন হয়েছিল। গণভোট ও সংসদ নির্বাচন একসঙ্গে হয়েছিল। সেই সংসদ নির্বাচনের পাশে গণভোটে আমরা "হ্যাঁ" অথবা "না"তে ভোট দিয়েছিলাম। বাংলাদেশের ৭০ শতাংশ মানুষ "হ্যাঁ"র পক্ষে সংস্কারের পক্ষে ভোট দিয়েছিল। আমরা সবাই "হ্যাঁ"র পক্ষে এবং সংস্কারের পক্ষে ভোট দিয়েছিলাম।'
'কিন্তু বিএনপি সরকার ক্ষমতায় আসার পরে পল্টি দিয়ে সেই সংস্কার ও জুলাই সনদকে অস্বীকৃতি জানিয়েছে, গণভোটকে অস্বীকৃতি জানিয়েছে এবং এখন পর্যন্ত তারা সংস্কার বাস্তবায়ন করে নাই,' বলেন তিনি।
এনসিপি আহ্বায়ক বলেন, 'আমরা বলছি সংস্কার হচ্ছে জনগণের ম্যান্ডেট, আপনারা আমরা সবাই ভোট দিয়েছি সংস্কারের পক্ষে। কেন আমরা সংস্কার চাই, আমরা সংস্কার চাই যেন পুলিশ সংস্কার হয়, পুলিশ শুধু দলীয় পুলিশ না হয়, প্রশাসন যেন দলীয় প্রশাসন না হয়, আপনারা আদালতে গেলে যেন ন্যায়বিচার পান। যদি জুলাই সনদ বাস্তবায়ন না হয় তাহলে চাঁদাবাজি-দুর্নীতি কোনো কিছুই বন্ধ হবে না, মাদক চোরাকারবারি বন্ধ হবে না। কারণ পুলিশ দলীয় পুলিশে পরিণত হবে, এরা কাউকেই গ্রেপ্তার করতে পারবে না।'
নাহিদ ইসলাম আরও বলেন, 'এই বিএনপি সরকার ক্ষমতায় আসার আগে বলেছিল দেড় বছরে এক কোটি কর্মসংস্থান তৈরি করবে। চার মাস গেছে একটাও কর্মসংস্থান তৈরি হয় নাই। যে বাজেট দিয়েছে সেই বাজেটে কর্মসংস্থানের কোনো রূপরেখা পর্যন্ত নাই।'
এছাড়া, নাহিদ ইসলাম তার বক্তব্যে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি এবং তেলের বাজার নিয়ন্ত্রণের দাবি তোলেন।
তিনি বলেন, 'আমরা পরিবর্তনের জন্য জীবন দিয়েছি, রক্ত দিয়েছি। একদলকে ক্ষমতা থেকে সরিয়ে আরেক দলের লুটপাটের জন্য বাংলাদেশের ছাত্র-জনতা রক্ত দেয় নাই। বিগত সময়ে একটা দলের শাসন ছিল, আর কোনো দল কথা বলতে পারত না। কথা বললেই জেলে নিয়ে যাওয়া হতো, গুম করা হতো, হয়রানি করা হতো। আমরা দেখছি বাংলাদেশকে আবারও একদলীয় শাসনে নিয়ে যাওয়ার চেষ্টা করা হচ্ছে। এক ক্ষমতাসীন দল সরকারি দল শুধু তারাই কথা বলবে অন্য দলকে কথা বলতে দেয়া হবে না।'
'সংসদে আমাদেরকে কথা বলতে দেওয়া হয় না। আমরা জনসভায় কথা বলতে গেলে ককটেল ফুটানো হয়, বোমা মারা হয়। আওয়ামী লীগ একদলীয় শাসন করে হেলিকপ্টার নিয়ে পালাতে হয়েছে। এখন তারা টাকা দিয়ে বাংলাদেশে কয়েকটা মিছিল করে অস্থিতিশীলতা তৈরি করার চেষ্টা করছে। সেই আওয়ামী লীগের বিরুদ্ধে আমরা ঐক্যবদ্ধ ভাবে থাকব,' বলেন তিনি।
পথসভায় উপস্থিত সবাইকে জুলাই সনদের পক্ষে কথা বলার জন্য আহ্বান জানান নাহিদ ইসলাম।
এসময় এনসিপির মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সার্জিস আলম, সখিপুরের আহ্বায়ক ফরিদ সিকদার, সদস্য সচিব হায়দার আলীসহ অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।