রংপুরে ‘অটোরিকশা ছিনিয়ে নিতে’ চালককে হত্যা

নিজস্ব সংবাদদাতা, লালমনিরহাট

রংপুরের গংগাচড়া উপজেলায় মোখলেসুর রহমান (৫৫) নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

আজ শনিবার সকালে গংগাচড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস সবুর দ্য ডেইলি স্টারকে এ তথ্য জানিয়েছেন।

মোখলেসুর রহমান অটোরিকশা চালাতেন। পুলিশের ধারণা, অটোরিকশা ছিনিয়ে নিতে তাকে গলাকেটে হত্যা করা হয়েছে।

সবুর জানান, উপজেলার গজঘণ্টা ইউনিয়নের শান্তিপাড়া এলাকার কাউয়াফান্দা থেকে গত রাত পৌনে ১২টার দিকে মরদেহটি উদ্ধার করা হয়।

মোখলেসুর রহমানের বাড়ি ওই উপজেলার নবনীদাস এলাকায়। তার বাবা মৃত হামিদুর রহমান।

‘গতকাল বিকেলে মোখলেসুর রহমান অটোরিকশা নিয়ে বাড়ি থেকে বের হয়েছিলেন। ধারণা করা হচ্ছে, রিকশা ছিনিয়ে নিতে গত রাত ৮টা থেকে ১০টার মধ্যে সংঘবদ্ধ দুর্বৃত্তরা তাকে হত্যা করে রিকশা নিয়ে যায়,’ বলেন সবুর।

এই পুলিশ কর্মকর্তা আরও বলেন, ‘স্থানীয়রা মরদেহ দেখতে পেয়ে থানায় জানালে পুলিশ মরদেহটি উদ্ধার করে। আমরা তদন্ত শুরু করেছি। ময়নাতদন্তের জন্য মরদেহ রংপুর মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে।’