পল্লবীতে চলন্ত গাড়ি থেকে গুলি: বিএনপি নেতা ও পথচারী নারী আহত
রাজধানীর পল্লবী এলাকায় চলন্ত গাড়ি থেকে দুর্বৃত্তদের ছোড়া গুলিতে এক বিএনপি নেতা ও এক নারী পথচারী আহত হয়েছেন।
আজ শুক্রবার সন্ধ্যা পৌনে ৬টার দিকে মিরপুর-১১ মিল্লাত ক্যাম্পের ২ নম্বর লেনে এ ঘটনা ঘটে।
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিরপুর বিভাগের উপকমিশনার মো. মোস্তাক সরকার দ্য ডেইলি স্টারকে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
গুলিবিদ্ধ আলমগীর হোসেন (৪৫) পেশায় মাছ ব্যবসায়ী ও ঢাকা জেলা বিএনপির নবাবগঞ্জ উপজেলা কমিটির সদস্য। তার মাথা ও পেটে গুলি লেগেছে।
অপর আহত পথচারী নারী জোছনার (৫০) পায়ে গুলি লেগেছে।
উপকমিশনার মোস্তাক সরকার জানান, গুলিবিদ্ধ আলমগীরকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে (ঢামেক) ভর্তি করা হয়েছে। জোছনাকে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
তিনি জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে চিহ্নিত মাদক চোরাকারবারি 'ল্যাংড়া রুবেল' নামে পরিচিত রুবেল ও তার সহযোগী পাপ্পু এ ঘটনার সঙ্গে জড়িত।
জানতে চাইলে পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান বশীর ডেইলি স্টারকে জানান, 'হামলাকারীরা একটি প্রাইভেটকারে এসে আলমগীরকে লক্ষ্য করে ৩ রাউন্ড গুলি ছুড়ে দ্রুত পালিয়ে যায়।'
গুলিবিদ্ধ আলমগীরের চাচা মো. আশিক দ্য ডেইলি স্টারকে বলেন, 'গাড়িতে থাকা চারজন আলমগীরকে গুলি করে পালিয়ে যায়। তাকে প্রথমে ইসলামিয়া হাসপাতালে ও পরে ঢামেকে নেওয়া হয়।'
রাজনৈতিক শত্রুতার কারণে এ হামলা হতে পারে বলে ধারণা করছে তার পরিবার।