আদাবরে বিশ্বকাপ ম্যাচ নিয়ে বিরোধে বিএনপি নেতা হত্যায় আটক ৩

স্টার অনলাইন রিপোর্ট

বিশ্বকাপ ফুটবলে ব্রাজিল-জাপান খেলা নিয়ে বিরোধের জেরে রাজধানীর আদাবরে এক বিএনপি নেতাকে কুপিয়ে হত্যার ঘটনায় ৩ জনকে আটক করেছে পুলিশ।

তারা হলেন—শোয়েব (৩০), আরমান (১৯) ও নয়ন (১৯)

আদাবর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল ইসলাম দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, আজ বৃহস্পতিবার বিকাল সাড়ে ৪টার দিকে নবোদয় হাউজিং থেকে তাদের আটক করা হয়।

পুলিশ জানায়, গত সোমবার নবোদয় হাউজিংয়ে ফুটবল খেলা দেখার পর স্থানীয় কিছু ছেলে ঢোল বাজিয়ে হইচই করে। এ সময় আদাবর থানা বিএনপির সদস্য হাবিবুর রহমান নবোদয় বাজারের ব্যবসায়ী মজনুর ছেলে রিপনকে থাপ্পড় দেন। পরে বিষয়টি নিয়ে রিপনের পরিবার ও হাবিবুর রহমানের পরিবারের মধ্যে বিবাদ হয়।

বিষয়টি মীমাংসার জন্য গতকাল বুধবার নবোদয় বাজারে সালিশ বসে। এসময় হাবিবুর রহমানের পক্ষের কয়েকজন নবোদয় হাউজিং ইউনিট বিএনপি সভাপতি মো. সাদ্দাম ও সাধারণ সম্পাদক মো. আবুল বাসার বাদশাকে কুপিয়ে গুরুতর আহত করে।

বাদশাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।

নিহতের ভাই মো. কাঞ্চন দ্য ডেইলি স্টারকে বলেন, 'আটক নয়ন আমাদের চাচাতো ভাই। নয়নকে সেখানে ডাকা হয়েছিল। মারামারি থামানোর চেষ্টা করতে গিয়ে তিনি ফেঁসে গেছেন।'

তাদের আরেক স্বজন মো. জনি জানান, ফোন পেয়ে বাদশা সালিশ বৈঠকে যান। ফেরার পথে তার ওপর হামলা হয়।

তার দাবি, হামলার নেতৃত্বে ছিলেন বর্তমানে কার্যক্রম নিষিদ্ধ স্বেচ্ছাসেবক লীগের আদাবর থানা ইউনিটের সাবেক যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ মাসুম, যিনি বর্তমানে স্থানীয় বিএনপি রাজনীতির সঙ্গে জড়িত।

হত্যার ঘটনায় আজ বৃহস্পতিবার সন্ধ্যা পর্যন্ত মামলা হয়নি। তবে সন্দেহভাজনদের অন্যান্যদের গ্রেপ্তারে অভিযান চলছে বলে জানান ওসি জাহিদুল।