ই-অরেঞ্জের পরিচালক মাসুকুর গ্রেপ্তার

স্টার অনলাইন রিপোর্ট

কারাদণ্ডপ্রাপ্ত ই-কমার্স প্ল্যাটফর্ম ই-অরেঞ্জের প্রধান উপদেষ্টা ও পরিচালক মাসুকুর রহমানকে গ্রেপ্তার করেছে পুলিশ।

আজ মঙ্গলবার সকালে ঢাকার কোতোয়ালি এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

ডিএমপি গুলশান বিভাগের সহকারী কমিশনার শাহ মোস্তফা তারিকুজ্জামান দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, 'গুলশান থানায় দায়ের করা একটি প্রতারণা মামলায় দোষী সাব্যস্ত হওয়ার পর থেকে মাসুকুর পলাতক ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে আজ সকালে আমরা তাকে কোতোয়ালি এলাকা থেকে গ্রেপ্তার করেছি।'

মাসুকুরের বিরুদ্ধে প্রতারণাসহ বিভিন্ন অভিযোগে বিভিন্ন থানায় অন্তত ২৪টি মামলা আছে বলে জানিয়েছে পুলিশ।

আগামীকাল তাকে আদালতে হাজির করা হবে বলে জানান সহকারী কমিশনার তারিকুজ্জামান।