পাবনায় ডিবি পরিচয়ে চাঁদাবাজির অভিযোগ, কারাগারে ২

নিজস্ব সংবাদদাতা, পাবনা

পাবনায় গোয়েন্দা (ডিবি) পুলিশ পরিচয়ে চাঁদাবাজির অভিযোগে ২ জনকে আটক করেছে পাবনা জেলা ডিবি পুলিশ।

তারা হলেন—পাবনা সদর উপজেলার মালঞ্চি ইউনিয়নের সুজন হোসেন (৩৪) ও পাবনা পৌর সদরের শিবরামপুর এলাকার আরিফুল ইসলাম (৪০)।

পাবনা জেলা ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাশিদুল ইসলাম দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, তাদের বিরুদ্ধে পাবনা সদর থানায় মামলা করা হয়েছে। গতকাল শুক্রবার রাতে তাদের আটকের পর আজ শনিবার আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

ডিবি ওসি রাশিদুল ইসলাম বলেন, 'আটক দুজন সংঘবদ্ধ প্রতারক চক্রের সদস্য। তারা ডিবি পরিচয় দিয়ে মানুষের কাছে ফোন করে ভয় দেখিয়ে মোটা অঙ্কের চাঁদা দাবি করত। গোপন সংবাদের ভিত্তিতে তথ্যপ্রযুক্তির সহায়তায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়েছে।'

আটক দুজনের কাছ থেকে ৫টি মোবাইল ফোন জব্দ করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।