চট্টগ্রাম নিউমার্কেট এলাকায় ঝটিকা মিছিল, নিষিদ্ধ ছাত্রলীগের ৪ কর্মী আটক

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

বন্দরনগরীর ব্যস্ত নিউমার্কেট এলাকায় ঝটিকা মিছিলের পর নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের চার কর্মীকে আটক করেছে পুলিশ।

আজ শনিবার সংক্ষিপ্ত এই ঝটিকা মিছিলের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দ্রুত অভিযান চালিয়ে তাদের আটক করে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, আজ সকালে কোতোয়ালি থানার আওতাধীন এলাকায় ঝটিকা মিছিল করে ছাত্রলীগ। ছাত্রলীগের ৫০ জনের বেশি নেতাকর্মী ব্যানার নিয়ে হঠাৎ সড়কে নেমে আসেন। তারা ‘শেখ হাসিনা আসছে’, ‘রাজপথ ছাড়ি নাই’সহ বিভিন্ন রাজনৈতিক স্লোগান দেন এবং স্বল্প সময়ের মধ্যেই মিছিল শেষ করেন।

নিষিদ্ধ সংগঠনটির আত্মগোপনে থাকা নেতাকর্মীরা ‘হিট অ্যান্ড রান’ কৌশল নিয়ে পুলিশ বা প্রতিপক্ষের কেউ আসার আগেই মিছিল করে কয়েক মিনিটের মধ্যেই আশপাশের গলিতে লুকিয়ে পড়ে।

বিষয়টি নিশ্চিত করে কোতোয়ালি থানার পরিদর্শক (তদন্ত) ইকবাল হোসেন দ্য ডেইলি স্টারকে বলেন, ‘নিউমার্কেট এলাকায় অবৈধ সমাবেশের ঘটনায় আমরা ইতোমধ্যে চারজনকে আটক করেছি। বাকিদের শনাক্ত ও গ্রেপ্তারে চিরুনি অভিযান চলছে।’

তিনি জানান, মিছিলে অংশ নেওয়া প্রত্যেককে শনাক্ত করতে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওচিত্র এবং সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করছেন তদন্তকারীরা।

এ ঘটনায় কোতোয়ালি থানায় একটি মামলা প্রক্রিয়াধীন রয়েছে।