এক শিশুকে ৬ মাসের ব্যবধানে ধর্ষণ ও ধর্ষণচেষ্টার অভিযোগ যুবকের বিরুদ্ধে
ময়মনসিংহের গফরগাঁওয়ে ১১ বছর বয়সী এক শিশুকে ৬ মাসের ব্যবধানে ধর্ষণ ও ধর্ষণচেষ্টার অভিযোগ উঠেছে স্থানীয় এক যুবকের বিরুদ্ধে।
অভিযুক্ত আল আমিন (৩৭) পেশায় মুদি দোকানদার। বর্তমানে তিনি পলাতক বলে জানিয়েছে পুলিশ।
আজ শনিবার গফরগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান সেখ দ্য ডেইলি স্টারকে জানান, শিশুটির মা গতকাল শুক্রবার আল আমিনের বিরুদ্ধে ধর্ষণ মামলা দায়ের করেছেন।
মামলার অভিযোগে বলা হয়, গত বৃহস্পতিবার দুপুরে মেয়েটি মাদ্রাসা থেকে বাড়ি ফেরার সময় আল আমিন তার পথরোধ করে ধর্ষণের উদ্দেশ্যে টানাটানি করে।
তখন শিশুটি দৌড়ে বাড়ি গিয়ে মাকে ঘটনাটি জানায়। শিশুটি পরিবারকে আরও জানায় গত বছরের ১৯ ডিসেম্বর আল আমিন তাকে ধর্ষণ করেছিল।
অভিযোগে আরও বলা হয়, ধর্ষণের সময় আল আমিন ফোনে ভিডিও করে এবং কাউকে না বলার জন্য শিশুটিকে ভয় দেখায়। ভিডিও ছড়িয়ে দেওয়ার হুমকি দিয়ে আল আমিন পরে বিভিন্ন সময়ে শিশুটিকে ধর্ষণের চেষ্টা চালায়।
ওসি বলেন, 'পুলিশ ঘটানাস্থল পরির্দন করেছে। মেয়েটিকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।'
অভিযুক্ত আল আমিনকে দ্রুত আইনের আওতায় আনা হবে বলেও জানান ওসি।