হত্যা মামলায় আবুল বারকাতের জামিন, কারামুক্তিতে বাধা নেই
জুলাই অভ্যুত্থান সংশ্লিষ্ট একটি হত্যা মামলায় অর্থনীতিবিদ অধ্যাপক আবুল বারকাতকে জামিন দিয়েছেন আদালত।
জামিন আবেদনের পরিপ্রেক্ষিতে আজ মঙ্গলবার ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মোস্তাফিজুর রহমান এ আদেশ দেন। অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর শামসুদ্দোহা সুমন বিষয়টি নিশ্চিত করেন।
অধ্যাপক বারকাতের আইনজীবী মোহাম্মদ শাহীনুর ইসলাম জানান, হত্যা মামলায় জামিন পাওয়ায় এখন তার কারাগার থেকে মুক্তিতে কোনো আইনি বাধা নেই।
গতকাল সোমবার অন্য একটি আদালত ৭২ বছর বয়সী বারকাতের জামিন নামঞ্জুর করেন।
গত রোববার ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা শাখার (ডিবি) আবেদনের পরিপ্রেক্ষিতে তাকে ৪৫ বছর বয়সী ব্যবসায়ী আবদুল ওয়াদুদ হত্যা মামলায় সন্দেহভাজন হিসেবে গ্রেপ্তার দেখানো হয়।
মামলার নথিপত্র অনুযায়ী, ২০২৪ সালের ১৯ জুলাই আন্দোলন চলাকালে ঢাকার নিউমার্কেট এলাকায় আব্দুল ওয়াদুদ নিহত হন।
২০২৪ সালের ২১ আগস্ট ওয়াদুদের ভগ্নিপতি আব্দুর রহমান ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং আরও ১২৯ জনের বিরুদ্ধে নিউমার্কেট থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
বাংলাদেশ অর্থনীতি সমিতির সাবেক সভাপতি এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক অধ্যাপক বারকাত গত বছরের ১০ জুলাই থেকে কারাগারে আছেন।
অ্যাননটেক্স গ্রুপের মাধ্যমে ২৯৭ কোটি টাকা আত্মসাতের অভিযোগে দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা একটি মামলায় পুলিশ তাকে ঢাকার ধানমন্ডির বাসা থেকে গ্রেপ্তার করেছিল।
গত বছরের ১১ জুলাই দুর্নীতি মামলায় তাকে আদালতে হাজির করার পর কারাগারে পাঠানো হয়।
চলতি বছরের ১১ মে হাইকোর্ট তাকে ওই মামলায় জামিন দেন এবং ২১ মে আপিল বিভাগ সেই জামিন বহাল রাখেন।
২০০৯ সালের ৯ সেপ্টেম্বর তিন বছরের জন্য তিনি জনতা ব্যাংকের চেয়ারম্যান নিযুক্ত হন। তিনি টানা দুই মেয়াদে দায়িত্ব পালন করেন এবং ২০১৪ সালের সেপ্টেম্বরে পদত্যাগ করার আগে ওই পদে পাঁচ বছর পূর্ণ করেন।