সিএনজিচালিত অটোরিকশায় এসে প্রকাশ্যে তরুণকে গুলি

নিজস্ব সংবাদদাতা, নোয়াখালী

নোয়াখালীর বেগমগঞ্জে অজ্ঞাত দুর্বৃত্তদের গুলিতে আহত হয়েছেন ফারুক হোসেন (২৭) নামের এক তরুণ। আজ মঙ্গলবার সকালে উপজেলার হাজীপুর ইউনিয়নের কালামিয়ার পোল এলাকায় এ ঘটনা ঘটে।

বেগমগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামসুজ্জামান এসব তথ্য নিশ্চিত করেন।

পেশায় নির্মাণ শ্রমিক ফারুককে ২৫০ শয্যাবিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। তিনি উপজেলার হাজিপুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের শরীফপুর গ্রামের আবুল কাশেমের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালে ফারুক হাজীপুর ও শরীফপুর ইউনিয়নের সীমান্তবর্তী কালামিয়ার দোকান এলাকায় রাস্তার পাশে দাঁড়িয়ে ছিলেন। এ সময় একটি সিএনজিচালিত অটোরিকশা নিয়ে সেখানে উপস্থিত হয় অজ্ঞাত তিন-চার দুর্বৃত্ত।

কিছু বুঝে ওঠার আগেই দুর্বৃত্তরা ফারুককে লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি ছোড়ে। এতে তিনি মাটিতে পড়ে যান। ঘটনার পরপরই দুর্বৃত্তরা দ্রুত ঘটনাস্থল ছেড়ে যায়। গুলির শব্দ শুনে স্থানীয়রা ঘটনাস্থলে এসে ফারুককে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন।

নোয়াখালী জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল কর্মকর্তা (আরএমও) রাজীব আহমেদ চৌধুরী বলেন, সকাল পৌনে ৯টার দিকে গুলিবিদ্ধ অবস্থায় এক তরুণকে জরুরি বিভাগে আনা হয়। তার নাম ফারুক হোসেন।

তিনি বলেন, ফারুকের তলপেট ও হাঁটুতে গুলি লেগেছে। তাকে হাসপাতালের সার্জারি ওয়ার্ডে ভর্তি দেওয়া হয়েছে। তার শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে।

এ বিষয়ে বেগমগঞ্জ মডেল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামসুজ্জামান বলেন, সন্ত্রাসীরা ওই তরুণকে আকস্মিক গুলি করে পালিয়ে যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান চালানো হচ্ছে।

জেলার অতিরিক্ত পুলিশ সুপার (বেগমগঞ্জ সার্কেল) এএনএম ইমরান খাঁন বলেন, গুলিবিদ্ধ তরুণ আগে অটোরিকশা চালাতেন। বর্তমানে নির্মাণ শ্রমিক হিসেবে কাজ করেন। পূর্বশত্রুতার জের ধরে এ গুলির ঘটনা ঘটেছে। যারা এ ঘটনার সঙ্গে সম্পৃক্ত, তাদের কয়েকজনের নাম পাওয়া গেছে। তাদের গ্রেপ্তারে পুলিশের একাধিক টিম মাঠে নেমেছে।