কুষ্টিয়ায় শিশু ধর্ষণের অভিযোগে যুবককে পিটুনি
কুষ্টিয়া শহরে ১০ বছর বয়সী শিশুকে ধর্ষণের অভিযোগে এক যুবককে পিটুনির ঘটনা ঘটেছে।
আজ রোববার সকাল ১১টার দিকে এ ঘটনা ঘটে। অভিযুক্ত আসাদুল (৩২) ওই এলাকার ফজলু সর্দারের ছেলে।
কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির হোসেন মাতুব্বর দ্য ডেইলি স্টারকে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
স্থানীয়দের বরাতে তিনি জানান, শিশুটিকে একটি স্কুলের কক্ষে নিয়ে যায় অভিযুক্ত আসাদুল। পরে শিশুটির চিৎকারে স্থানীয়রা ছুটে এসে তাকে আটকে গণপিটুনি দেয়। পুলিশ দুজনকে উদ্ধার করে হাসপাতালে পাঠায়।
শিশুটির চিকিৎসা চলছে উল্লেখ করে হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. মো. ইকবাল হোসেন বলেন, ‘তার শারীরিক অবস্থা পর্যবেক্ষণ ও প্রয়োজনীয় স্বাস্থ্য পরীক্ষা করা হচ্ছে।’
ওসি বলেন, ‘এ বিষয়ে একটি মামলা প্রক্রিয়াধীন। দ্রুত তদন্ত শেষে আইনি ব্যবস্থা নেওয়া হবে।’