জঙ্গল সলিমপুরে ক্যাম্পে দুর্বৃত্তদের হামলা: র্যাব
চট্টগ্রামের সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুরে স্থাপিত ক্যাম্পে দুর্বৃত্তরা হামলা চালিয়েছে বলে জানিয়েছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
আজ সোমবার ভোররাত ২টার দিকে হামলার ঘটনা ঘটে।
র্যাব জানিয়েছে, আত্মরক্ষায় তারা পাল্টা গুলি চালিয়েছে। র্যাব-৭ চট্টগ্রামের অধিনায়ক (সিও) লেফটেন্যান্ট কর্নেল হাফিজুর রহমান ভোররাত সাড়ে ৩টার দিকে গণমাধ্যমকে এসএমএসের মাধ্যমে এ তথ্য জানিয়েছেন। তিনি আরও উল্লেখ করেন, ওই এলাকায় অতিরিক্ত ফোর্স মোতায়েন করা হয়েছে।
তবে এসএমএসে হতাহতের তথ্য ছিল না। যোগাযোগ করা হলেও এ ব্যাপারে প্রকাশ্যে কেউ কিছু বলেননি।
দুর্গম পাহাড়ি এলাকা জঙ্গল সলিমপুরে গত জানুয়ারিতে এক অভিযানের সময় একদল সন্ত্রাসীর র্যাবের ওপর হামলা চালায়। এতে এক কর্মকর্তা নিহত হন। ওই হামলার পর জঙ্গল সলিমপুর নতুন করে আলোচনায় আসে।
গত ৯ মার্চ প্রথমবারের মতো বাংলাদেশ সেনাবাহিনী, র্যাব, পুলিশ ও বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) প্রায় ৩ হাজার ২০০ সদস্য যৌথ অভিযান চালিয়ে এলাকাটি নিয়ন্ত্রণে নেয়।
চট্টগ্রাম শহর থেকে প্রায় ৫ কিলোমিটার দূরে সীতাকুণ্ডের সলিমপুর ইউনিয়নে প্রায় ১ হাজার ২৫৬ একর পাহাড়ি এলাকা নিয়ে জঙ্গল সলিমপুর।
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ভাষ্য, দুর্গম এলাকা হওয়ায় এটি অপরাধীদের নিরাপদ আস্তানায় পরিণত হয়েছে।
সর্বশেষ অভিযানের পর জঙ্গল সলিমপুরের এসএম পাইলট হাই স্কুল ও আলীনগর হাই স্কুলে র্যাব ও পুলিশের যৌথ পরিচালনায় দুটি পৃথক ক্যাম্প স্থাপন করা হয়েছে।