চট্টগ্রামে পোশাক কারখানায় চোর সন্দেহে যুবককে পিটিয়ে হত্যা
চট্টগ্রামের বোয়ালখালী উপজেলায় একটি পোশাক কারখানায় এক যুবককে পিটিয়ে ও নির্যাতন করে হত্যা করা হয়েছে।
আজ রোববার দুপুরে বোয়ালখালী উপজেলার শাকপুরা এলাকার মিলিটারি পোল এলাকার বিসমিল্লাহ অ্যাপারেল কারখানায় এ ঘটনা ঘটে।
এতে নিহত হন পটিয়া উপজেলার কালারপোল এলাকার বাসিন্দা মো. হাসমত (৩৮)।
এ ঘটনায় তিনজনকে আটক করেছে পুলিশ।
চট্টগ্রাম জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপারেশন) মো. সিরাজুল ইসলাম দ্য ডেইলি স্টারকে বলেন, ‘আজ ভোর ৬টার দিকে কারখানার শ্রমিকরা হাসমতকে চোর সন্দেহে আটক করে। পরে নিরাপত্তাকর্মীরা তাকে একটি খুঁটির সঙ্গে বেঁধে কয়েকঘণ্টা মারধর করে। সকাল ১১টার দিকে খবর পেয়ে পুলিশ তাকে নিরাপত্তাকর্মীদের কাছ থেকে উদ্ধার করে।’
তিনি বলেন, ‘গুরুতর আহত অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরে তার হাতের ছাপ নিয়ে পরিচয় নিশ্চিত করে পুলিশ।’
নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।