বাসা থেকে তুলে নিয়ে ছিনতাইকারী আখ্যা দিয়ে যুবককে পিটিয়ে হত্যা

নিজস্ব সংবাদদাতা, নারায়ণগঞ্জ

নারায়ণগঞ্জের ফতুল্লায় ছিনতাইকারী আখ্যা দিয়ে এক যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে।

ফতুল্লার পশ্চিম মাসদাইর এলাকায় গতকাল শনিবার রাত ১০টার দিকে এ ঘটনা ঘটে।

ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুব আলম দ্য ডেইলি স্টারকে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

নিহত মো. সিজান (২২) ওই এলাকার ইউনুছ ওরফে ইনু মিয়ার ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, আল ফালাহ নামে স্থানীয় একটা স্বেচ্ছাসেবী সংগঠনের সংগঠক ও স্থানীয় মসজিদের ইমাম কাওছার আহমেদের নেতৃত্বে স্থানীয় কয়েকজন সিজানকে মারধর করেন।

নিহতের পরিবারের অভিযোগ, মোবাইল ফোন ছিনতাইয়ের অভিযোগ তুলে স্থানীয় একদল লোক সিজানকে বাসা থেকে তুলে নিয়ে যায়। পরে তার হাত-পা বেঁধে মারধর করা হয়। একপর্যায়ে অচেতন হয়ে পড়লে সিজানকে পরিবারের সদস্যদের কাছে রেখে তারা চলে যায়। গুরুতর আহত অবস্থায় তাকে খানপুর হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

স্থানীয়রা জানান, সিজানের মৃত্যুর পর তার পরিবারের সদস্য ও বন্ধুরা লাঠিসোঁটা নিয়ে এলাকায় ভাঙচুর করেন।

অভিযোগের বিষয়ে জানতে চাইলে কাওছার আহমেদ ডেইলি স্টারকে বলেন, সিজানের বিরুদ্ধে মাদক সেবন ও চোরাকারবারি এবং ছিনতাইয়ের অভিযোগ ছিল। শনিবার নতুন করে ছিনতাইয়ের অভিযোগ উঠলে ক্ষুব্ধ জনতা তাকে মারধর করে।

এদিকে, ঘটনার পর একটি ভিডিওতে কাওছার আহমেদকে বলতে শোনা যায়, ‘যার কাছে যা আছে, তা নিয়ে নেমে যেতে হবে। ঐক্য থাকলে বাংলাদেশের প্রশাসন... আমাদের কিছু করতে পারবো না। পাবলিক যদি মেরে ফেলে, তাহলে কি অন্যায় হবে? ইনশাল্লাহ কোনো মামলা-হামলা কিচ্ছু হবে না। এভাবে সবাই এক থাকবেন।’

ওসি মাহবুব আলম বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। নিহতের শরীরে আঘাতের চিহ্ন রয়েছে।

তিনি বলেন, কেউ অপরাধ করলে অন্য কেউ আইন নিজের হাতে তুলে নিতে পারেন না। জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।