মেহেরপুরে শিশু ধর্ষণ মামলায় যুবকের মৃত্যুদণ্ড

নিজস্ব সংবাদদাতা, কুষ্টিয়া

মেহেরপুরে ১১ বছর বয়সী শিশুকে ধর্ষণের দায়ে শাকিল হোসেন নামে এক যুবককে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। এ ছাড়া, তিন লাখ টাকা অর্থদণ্ড, অনাদায় এক বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে।

আজ রোববার দুপুরে মেহেরপুর শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক মো. তাজুল ইসলাম (জেলা ও দায়রা জজ) এ রায় দেন।

মামলায় রাষ্ট্রপক্ষে আইনজীবী মোস্তাফিজুর রহমান তুহিন ও আসামিপক্ষে মারুফ আহমেদ বিজন শুনানি করেন।

মাত্র ২৯ কার্যদিবসে মামলাটি নিষ্পত্তি করা হয়েছে। দ্রুত নিষ্পত্তির জন্য দূরের সাক্ষীদের ভার্চুয়াল সাক্ষ্য নেওয়া হয়। মামলায় মোট ১২ জন সাক্ষী তাদের সাক্ষ্য দেন।

মামলার বিবরণী থেকে জানা যায়, ২০২৫ সালের ১৬ জুন গাংনী উপজেলায় বাবার জন্য খাবার নিয়ে যাচ্ছিল শিশুটি। পথিমধ্যে শাকিল হোসেন তাকে একটি মাঠে নিয়ে ধর্ষণ করে। ওই সময় মাঠে কাজ করা লোকজন শিশুটির কান্নার শব্দে এগিয়ে গেলে শাকিল পালিয়ে যায়। পরে দুপুরের দিকে স্থানীয়রা শাকিলকে আটক করে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করে।