সাংবাদিক আনিস আলমগীরের জামিন সুপ্রিম কোর্টে বহাল

স্টার অনলাইন রিপোর্ট

সন্ত্রাসবিরোধী আইনের মামলায় গত ৫ মার্চ জ্যেষ্ঠ সাংবাদিক আনিস আলমগীরকে হাইকোর্টের দেওয়া জামিন বহাল রেখেছেন সুপ্রিম কোর্ট।

হাইকোর্টের আদেশের ওপর স্থগিতাদেশ চেয়ে সরকারের করা এক আবেদনের শুনানিতে সুপ্রিম কোর্টের আপিল বিভাগের চেম্বার বিচারপতি মো. রেজাউল হক আজ বুধবার ‘নো অর্ডার’ দেন।

এই আদেশের ফলে আনিস আলমগীরের হাইকোর্ট থেকে পাওয়া জামিন বহাল থাকল। আনিস আলমগীরের আইনজীবী মো. আসলাম মিয়া দ্য ডেইলি স্টারকে এই তথ্য নিশ্চিত করেন আনিস আলমগীর গত ১৪ মার্চ কারাগার থেকে জামিনে মুক্তি পান।

আজকের শুনানিতে আনিসের পক্ষে উপস্থিত ছিলেন আইনজীবী তামান্না ফেরদৌস ও আসলাম মিয়া। অন্যদিকে, রাষ্ট্রপক্ষের প্রতিনিধিত্ব করেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মো. আরশাদুর রউফ।

গত বছরের ১৪ ডিসেম্বর ঢাকার ধানমন্ডির একটি ব্যায়ামাগার থেকে আনিসকে তুলে নিয়ে ডিবি কার্যালয়ে যাওয়া হয়েছিল। এর পরের দিন আরিয়ান আহমেদ নামে জুলাই রেভল্যুশনারি অ্যালায়েন্সের এক কেন্দ্রীয় সংগঠক  উত্তরা পশ্চিম থানায় সন্ত্রাসবিরোধী আইনে মামলা দায়ের করেন।

আইনজীবী আসলাম মিয়া বলেন, অধ্যাপক মুহাম্মদ ইউনূস প্রতিষ্ঠিত গ্রামীণ ব্যাংকের বিরুদ্ধে ফেসবুক এবং টকশোতে উসকানিমূলক বক্তব্য দেওয়ার অভিযোগ আনা হয়েছিল আনিসের বিরুদ্ধে। তিনি আরও বলেন, এই অভিযোগটি ২০০৯ সালের সন্ত্রাসবিরোধী আইনের আওতায় পড়ে না।