দুদকের মামলাতেও আনিস আলমগীরের জামিন, মুক্তিতে বাধা নেই

স্টার অনলাইন রিপোর্ট

দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা মামলায় সাংবাদিক আনিস আলমগীরের জামিন মঞ্জুর করেছেন আদালত।

আজ বুধবার ঢাকা মহানগর দায়রা জজ মো. সাব্বির ফয়েজ শুনানি নিয়ে আনিস আলমগীরের জামিন মঞ্জুর করেন।

তার আইনজীবী তাসলিমা জাহান জানান, এ নিয়ে আনিস আলমগীর তার বিরুদ্ধে থাকা দুটি মামলাতেই জামিন পেলেন। সে ক্ষেত্রে তার কারামুক্তিতে আইনগত বাধা নেই।

গত ২৮ জানুয়ারি দুদকের দায়ের করা এক মামলায় আনিস আলমগীরকে গ্রেপ্তার দেখান আদালত।

এর আগে, ১৫ জানুয়ারি দুদকের সহকারী পরিচালক আখতারুজ্জামান ঢাকায় দুদকের সমন্বিত জেলা কার্যালয়-১ এ দুর্নীতি দমন কমিশন আইনের ২৭ (১) ধারা অনুযায়ী মামলাটি করেন।

তদন্তে জানা যায়, আনিস আলমগীরের মোট সম্পদের পরিমাণ প্রায় ৪ কোটি ২৫ লাখ টাকা, অথচ সর্বশেষ আয়কর বিবরণীতে তার নিট সম্পদের পরিমাণ দেখানো হয়েছে মাত্র ৫৭ লাখ ৯৯ হাজার টাকা। ফলে তিনি পরিচিত আয়ের উৎসের বাইরে প্রায় ৩ কোটি ৬৮ লাখ টাকার সম্পদ অর্জন করেছেন এবং সম্পদ বিবরণীতে তা গোপন করেছেন বলে অভিযোগ করা হয়েছে।

গত বছরের ১৪ ডিসেম্বর ঢাকার ধানমন্ডির একটি জিম থেকে আনিস আলমগীরকে তুলে নিয়ে রাজধানীর মিন্টো রোডে গোয়েন্দা শাখার (ডিবি) কার্যালয়ে নেওয়া হয়।

পরদিন জুলাই রেভ্যুলেশনারি অ্যালায়েন্সের কেন্দ্রীয় সংগঠক আরিয়ান আহমেদ উত্তরা পশ্চিম থানায় সন্ত্রাসবিরোধী আইনে একটি মামলা করেন। এতে আনিস আলমগীরের পাশাপাশি অভিনেত্রী মেহের আফরোজ শাওন, মারিয়া কিসপট্টা এবং ইমতু রাতিশকে আসামি করা হয়।

একই দিন আনিস আলমগীরকে সাত দিনের রিমান্ড আবেদনসহ আদালতে হাজির করা হলে আদালত তাকে পাঁচ দিনের রিমান্ডে পাঠান।

চলতি বছরের ৫ মার্চ হাইকোর্টের একটি বেঞ্চ ওই মামলায় আনিসকে জামিন দেন।

গ্রেপ্তারের আগে আনিস আলমগীর প্রিন্ট ও ইলেকট্রনিক—উভয় গণমাধ্যমে কাজ করেছেন এবং টেলিভিশনের টকশোতেও নিয়মিত উপস্থিতির জন্য পরিচিত ছিলেন।