হাতিয়ায় লঞ্চের কেবিনে কলেজশিক্ষার্থীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে মামলা, গ্রেপ্তার ২

নিজস্ব সংবাদদাতা, নোয়াখালী

নোয়াখালীর হাতিয়া থেকে লঞ্চে ঢাকা যাওয়ার পথে এক কলেজশিক্ষার্থীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে মামলা হয়েছে।

এ ঘটনায় ২ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। 

তারা হলেন—হাতিয়া উপজেলার বুড়িরচর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড পশ্চিম বড়দেইল গ্রামের মোহাম্মদ সাকিব উদ্দিন (২৬) ও একই ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড জোটখালী গ্রামের মোহাম্মদ নুরুজ্জামান মিঠু (৩২)।

আজ বুধবার সন্ধ্যায় হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কবির হোসেন দ্য ডেইলি স্টারকে এসব তথ্য নিশ্চিত করেছেন।

মামলার তথ্য অনুযায়ী, গত রোববার এমবি ফারহান-৪ লঞ্চের কেবিনে ওই ধর্ষণের ঘটনা ঘটে। 

সোমবার কলেজশিক্ষার্থীর ভাই বাদী হয়ে ঢাকার কোতোয়ালী থানায় ধর্ষণ মামলা দায়ের করেন।

এদিকে ধর্ষণের ঘটনার প্রতিবাদে ও অভিযুক্তদের গ্রেপ্তারের দাবিতে গতকাল মঙ্গলবার হাতিয়া শহরে পৃথক বিক্ষোভ মিছিল করে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ও বিএনপির নেতাকর্মীরা।

বিক্ষোভ মিছিলের একপর্যায়ে দুই পক্ষ মুখোমুখি হলে হাতাহাতি ও ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এতে আহত হন অন্তত ৭ জন।

ওসি কবির উদ্দিন বলেন, 'হাতিয়া থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে যাওয়া লঞ্চটিতে ধর্ষণের অভিযোগে মামলা হয়েছে। পুলিশ অভিযান চালিয়ে ২ জনকে গ্রেপ্তার করেছে।'

'বিক্ষোভ মিছিল নিয়ে হাতাহাতির ঘটনায় পুলিশ তাৎক্ষনিক ঘটনাস্থল পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে এলাকার পরিস্থিতি স্বাভাবিক। হাতাহাতির ঘটনায় থানায় কোনো পক্ষ লিখিত অভিযোগ দেয়নি,' বলেন তিনি।