ঢাবিতে নারীকে লাঠি হাতে হেনস্তাকারী তরুণ গাজীপুরে হত্যা মামলার আসামি

নিজস্ব সংবাদদাতা, গাজীপুর

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) টিএসসি সংলগ্ন রাজু ভাস্কর্যের কাছে বুধবার ভোরে ২ নারীকে হেনস্তা ও শারীরিক লাঞ্ছিত করার ঘটনা ঘটে। ওই ঘটনার একটি ভিডিওতে দেখা যায়, লাঠি হাতে নারীদের দিকে তেড়ে যাচ্ছেন এক তরুণ।

অভিযুক্ত ওই তরুণের নাম মো. রাকিব এবং তিনি গাজীপুরের কালিয়াকৈর থানার একটি হত্যা মামলার আসামি।

আজ বৃহস্পতিবার রাতে কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার নাসির উদ্দিন দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, 'কালিয়াকৈর থানায় ২০২৪ সালের একটি হত্যা মামলার আসামি রাকিব। ইতোমধ্যে মামলার চার্জশিট হয়েছে।'

মো. রাকিব গাজীপুরের কালিয়াকৈর উপজেলার সফিপুর বাজার এলাকার আবদুর রহিমের ছেলে। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিশ্বধর্ম ও সংস্কৃতি বিভাগের ২০২৩–২৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। 

একই হত্যা মামলায় রাকিবের জমজ ভাই মো. সাকিবও আসামি। ওই মামলার পর থেকে তারা দুজনই এলাকায় পলাতক বলে জানা গেছে।

এদিকে, বুধবার রাতে টিএসসি এলাকায় দুই নারীকে লাঠি হাতে হেনস্তার ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে গেছে। ওই ভিডিওতে রাকিবকে এক নারীর দিকে লাঠি হাতে তেড়ে যেতে দেখা যায়।

ভিডিওতে ওই নারী বলেন, পুরান ঢাকায় সেহেরি খেয়ে টিএসসি গিয়ে হেনস্তার শিকার হয়েছেন তারা।

এ ঘটনায় ৩ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছে ঢাবি প্রশাসন।

কালিয়াকৈর থানা সূত্রে জানা গেছে, রাকিব ও তার ভাই সাকিবের বিরুদ্ধে ২০২৪ সালের সেপ্টেম্বরে কালিয়াকৈরের সফিপুর পশ্চিমপাড়া এলাকায় এক তরুণকে হত্যার অভিযোগে মামলা হয়েছে।

এজাহারে বলা হয়, ওই বছরের ৯ সেপ্টেম্বর রাকিব, সাকিব ও সাব্বির একসঙ্গে একটি জিমে যান। সেখান থেকে রাকিব ও সাকিবদের বাসা ইউনিক টাওয়ারের ছাদে ওঠেন। তাদের সঙ্গে ছিল স্থানীয় আরও দুই কিশোর। পরে ওই দুই কিশোরকে দোকানে পাঠানো হয়। কিছুক্ষণ পর দুজন ফিরে এসে ভবনের নিচে রক্তমাখা অবস্থায় সাব্বিরকে পড়ে থাকতে দেখে। পরে তারা ছাদে গিয়ে সাব্বিরের কাটা নখ ও রক্তমাখা অস্ত্র পড়ে থাকতে দেখে। 

ওই ঘটনায় সাব্বিরের বড় ভাই মো. মহিউদ্দিন আবির বাদী হয়ে ৩ জনকে আসামি করে হত্যা মামলা করেন। 

মহিউদ্দিন আবির সাংবাদিকদের বলেন, 'কালিয়াকৈর থানায় মামলা করা হলেও পরে মামলা চলে যায় গোয়েন্দা পুলিশের কাছে। গোয়েন্দা পুলিশ ৫-৬ মাস আগে আদালতে অভিযোগপত্র দিয়েছে। কিন্তু এখন পর্যন্ত গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়নি। আসামিদের গ্রেপ্তারে কোনো তৎপরতা দেখায়নি তারা।'

আবির আরও বলেন, 'ডাকসু নির্বাচনের সময় রাকিবকে ক্যাম্পাসে ছাত্রদলের ভিপি প্রার্থী আবিদুল ইসলামের সঙ্গে প্রচার–প্রচারণায় দেখা গেছে।'

কালিয়াকৈর থানার ওসি খন্দকার নাসির উদ্দিন বলেন, ‘মামলাটি তদন্ত করেছে ডিবি পুলিশ, তাই গ্রেপ্তারের দায়িত্বও তাদের।'

যোগাযোগ করা হলে গাজীপুর গোয়েন্দা পুলিশের ওসি মো. হাসমত উল্লাহ বলেন, 'দেশের নানা পরিস্থিতিতে আসামি গ্রেপ্তারে অভিযান চালানো হয়নি। এখন অভিযান চালানো হবে।'