পাবনা

আ. লীগ অফিসে আগুনের জেরে ঝটিকা মিছিল, স্বেচ্ছাসেবক লীগ নেতাসহ আটক ২

নিজস্ব সংবাদদাতা, পাবনা

পাবনায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কার্যালয়ে জাতীয় পতাকা উত্তোলন ও ঝটিকা মিছিলের পর উত্তেজনাকর পরিস্থিতিতে স্বেচ্ছাসেবক লীগ নেতাসহ দুইজনকে আটক করেছে পুলিশ। 

গতকাল শনিবার রাতে শহরের পৃথক এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয় বলে জানান পাবনা সদর থানার ওসি (অপারেশন) সঞ্জয় কুমার সাহা।

আটককৃতরা হলেন—পাবনা জেলা স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি আলামিন মালিথা ও আওয়ামী লীগ কর্মী শেখ রাজু।

ওসি জানান, শনিবার রাতে শহরের চক ছাতিয়ানি এলাকার নিজ বাড়ি থেকে আলামিন মালিথা এবং গোবিন্দা এলাকা থেকে শেখ রাজুকে আটক করা হয়। বর্তমানে তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং আইনগত বিষয়টি প্রক্রিয়াধীন।

স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘ ১৮ মাস বন্ধ থাকার পর গত শুক্রবার জেলা আওয়ামী লীগের তথ্য ও গবেষণা সম্পাদক অ্যাডভোকেট তৌফিক ইমামসহ কয়েকজন নেতাকর্মী দলীয় কার্যালয়ে গিয়ে জাতীয় পতাকা উত্তোলন করেন। এ সংক্রান্ত একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়।

পরদিন শনিবার দুপুরে একদল অজ্ঞাত ব্যক্তি ওই কার্যালয়ে অগ্নিসংযোগ করে। এর প্রতিবাদে আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা বিকেলে শহরের আব্দুল হামিদ সড়ক ও নিউ মার্কেট এলাকায় একটি ঝটিকা মিছিল বের করেন। এসময় তারা দলীয় কার্যালয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাঙা প্রতিকৃতি পুনরায় স্থাপন করে পুষ্পস্তবক অর্পণ করেন।

আওয়ামী লীগের এই তৎপরতা এবং কার্যালয়ে অগ্নিসংযোগের ঘটনাকে কেন্দ্র করে পাবনা শহরে উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে জেলা আওয়ামী লীগের কার্যালয় ও শহরের গুরুত্বপূর্ণ মোড়গুলোতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।