নোয়াখালীতে আ. লীগ কার্যালয়ের তালা ভেঙে ব্যানার, আটক ৫

নিজস্ব সংবাদদাতা, নোয়াখালী

প্রায় ১৮ মাস পর নোয়াখালী জেলা আওয়ামী লীগ কার্যালয়ের তালা ভেঙে প্রধান ফটকে ব্যানার টাঙিয়েছে কার্যক্রম নিষিদ্ধ দলটির নেতাকর্মীরা।

আজ বুধবার সকালে জেলা শহরের মাইজদী টাউন হল মোড় এলাকায় এ ঘটনা ঘটে। এতে জড়িত থাকার অভিযোগে পাঁচজনকে আটক করেছে পুলিশ।

সুধারাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তৌহিদুল ইসলাম দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন।

স্থানীয়রা জানান, ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানের সময় বিক্ষুব্ধ ছাত্র-জনতা নোয়াখালী জেলা আওয়ামী লীগের কার্যালয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগ করে। এরপর থেকে কার্যালয়টি তালাবদ্ধ অবস্থায় ছিল। 

আজ বুধবার ভোরে হঠাৎ যুবলীগ ও ছাত্রলীগের কয়েকজন নেতাকর্মী কার্যালয়ের সামনে জড়ো হন। তারা তালা ভেঙে ভেতরে প্রবেশ করেন এবং কার্যালয়ের প্রধান ফটকে ‘নোয়াখালী জেলা আওয়ামী লীগ কার্যালয়’ লেখা একটি ব্যানার টাঙিয়ে দেন। এসময় তারা দলীয় স্লোগানও দেন।

সামাজিক যোগাযোগমাধ্যমে এ ঘটনার একটি ভিডিও দ্রুত ছড়িয়ে পড়ে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে টাঙানো ব্যানারটি সরিয়ে নেয়।

ওসি মো. তৌহিদুল ইসলাম বলেন, ভোরে কিছু লোক সেখানে ব্যানার টাঙায়। বিষয়টি আমাদের নজরে এসেছে। ঘটনার কিছুক্ষণ পরই ব্যানারটি সরিয়ে নেওয়া হয়। পুলিশ অভিযান চালিয়ে ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে পাঁজনকে আটক করেছে। 

তবে তদন্তের স্বার্থে তাৎক্ষণিকভাবে আটককৃতদের নাম-পরিচয় প্রকাশ করা হচ্ছে না বলে জানান ওসি।