চাঁপাইনবাবগঞ্জে বাড়িতে ‘ককটেল’ বিস্ফোরণে নিহত ২

নিজস্ব সংবাদদাতা, বগুড়া

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার ফাটাপাড়া গ্রামে একটি বাড়িতে বিস্ফোরণে দুজন নিহত এবং তিনজন আহত হয়েছেন। পুলিশের ধারণা, ককটেল বিস্ফোরণে এ হতাহতের ঘটনা ঘটেছে।

আজ শনিবার ভোর সাড়ে ৫টার দিকে উপজেলার বাগডাঙ্গা ইউনিয়নের ফাটাপাড়া গ্রামের কালাম নামে এক ব্যক্তির বাড়িতে এ ঘটনা ঘটে বলে জানিয়েছে পুলিশ।

বিস্ফোরণে নিহতদের শরীর ঝলসে গেছে। বাড়িটির টিনের চালা উড়ে গেছে এবং ইটের দেয়ালের একটি অংশ ধসে পড়েছে। নিহতদের নাম-পরিচয় এখনো নিশ্চিত করা যায়নি।

আহতরা হলেন—ফাটাপাড়া গ্রামের জেনারুল ইসলামের ছেলে মো. মিনহাজ (২৫), একই গ্রামের নজরুল ইসলামের ছেলে বজলুর রহমান (২০) এবং ধুমি রাণীহাটি গ্রামের রফিজুল ইসলামের ছেলে মো. শুভ (২০)। তাদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

চাঁপাইনবাবগঞ্জ সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার ইয়াসির আরাফাত বলেন, ফাটাপাড়া গ্রামের একটি বাড়িতে বিস্ফোরণে দুজনের মরদেহ পড়ে আছে। এ পর্যন্ত তিনজনকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। 

তিনি আরও জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ককটেল বিস্ফোরণে এ হতাহতের ঘটনা ঘটেছে। ঘটনাস্থলে বিস্ফোরণের আলামত রয়েছে। ক্রাইম সিন টিম ঘটনাস্থলে যাচ্ছে। তারা এলে বিস্তারিত বলা যাবে।

ককটেল তৈরি বা বহনের সময় বিস্ফোরণ ঘটেছে কি না—এ প্রশ্নে তিনি বলেন, এ মুহূর্তে নিশ্চিত করে কিছু বলা যাচ্ছে না। তদন্তের পর বিষয়টি স্পষ্ট হবে।

বাড়িটিতে কোনো পরিবার থাকতো কি না জানতে চাইলে তিনি বলেন, বাড়িটিতে লোকজনের বসবাস ছিল।