কুষ্টিয়ায় পাথর বোঝাই ট্রাক উল্টে চালক ও সহকারী নিহত

নিজস্ব সংবাদদাতা, কুষ্টিয়া

কুষ্টিয়ার বাইপাস সড়কে পাথবোঝাই ট্রাক উল্টে চালক ও তার সহকারী নিহত হয়েছেন। রোববার সকাল ৭টা ৪৫ মিনিটের দিকে সড়কের মিনাপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, চালক আনিস (৩৫) ও সহকারী রতন (৩৫)। আনিসের বাড়ি ফরিদপুর, আর সহকারী রতনের বাড়ি কুষ্টিয়ার সদর উপজেলার মিনাপাড়ায়।

চৌড়হাস হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ সেকেন্দার আলী দ্য ডেইলি স্টারকে বলেন, ট্রাকটি চাঁপাইনবাবগঞ্জ সোনামসজিদ থেকে পাথর নিয়ে খুলনায় যাচ্ছিল। পথিমধ্যে কুষ্টিয়া শহর বাইপাস সড়কে নিয়ন্ত্রণ হারিয়ে ব্রিজের নিচে রাস্তার পাশে খাদে পড়ে যায়। এ সময় এতে আগুন লেগে যায়। ফায়ার সার্ভিসের সদস্যরা গিয়ে ট্রাকের কেবিন থেকে হেলপার রতনের মরদেহ সঙ্গে সঙ্গে উদ্ধার করলেও তিন-চার ঘণ্টা পাথরের নিচে চাপা পড়ে থাকে চালক আনিসের মরদেহ।

কুষ্টিয়া ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার আরশেদ আলী বলেন, ট্রাকটিতে যান্ত্রিক ত্রুটি কিংবা চালক ঘুমিয়ে পড়ায় দুর্ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

ওসি সেকেন্দার আলী জানান, মরদেহের সুরতহাল শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।