চট্টগ্রামে পিকআপ ভ্যান-অটোরিকশা সংঘর্ষে নিহত ২

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

চট্টগ্রামের বাঁশখালী উপজেলায় মাছবোঝাই একটি পিকআপ ভ্যানের সঙ্গে সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষে ২ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ২ জন।

আজ সোমবার সকাল ৭টার দিকে উপজেলার পিএবি সড়কের মনছুরিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

বাঁশখালী থানার উপপরিদর্শক (এসআই) জামাল হোসেন দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।

নিহতরা হলেন—কক্সবাজারের মহেশখালী উপজেলার বাহাদুর আলম (২৮) ও মো. নোমান (৩৪)।

আহতরা হলেন—মহেশখালীর মনি বেগম ও চকরিয়ার মো. হেলাল।

এসআই জামাল হোসেন বলেন, পিকআপ ভ্যানটি চট্টগ্রাম থেকে পেকুয়ার দিকে যাচ্ছিল। পথে বিপরীত দিক থেকে আসা অটোরিকশার সঙ্গে সংঘর্ষে ঘটনাস্থলেই একজন নিহত হন। পরে আহত তিনজনকে স্থানীয় হাসপাতালে নেওয়া হয়। পরে সেখান থেকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে আরও একজনের মৃত্যু হয়।

তিনি আরও বলেন, দুর্ঘটনাকবলিত দুটি যানবাহনই জব্দ করা হয়েছে। তবে পিকআপ ভ্যানচালক পালিয়ে গেছেন।

বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল হক ডেইলি স্টারকে বলেন, দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত চলছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন।