ময়মনসিংহে পিকআপ-অটোরিকশার সংঘর্ষে বাবা-ছেলে নিহত
ময়মনসিংহে পিকআপ ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে আড়াই বছর বয়সী ছেলেসহ বাবা নিহত হয়েছেন।
আজ শনিবার সকাল সাড়ে ৯টার দিকে ময়মনসিংহ-শেরপুর মহাসড়কের আলালপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, হালুয়াঘাট উপজেলার বাসিন্দা মো. জাহাঙ্গীর আলম (৩১) এবং তার আড়াই বছর বয়সী ছেলে রুহান।
ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ শিবিরুল ইসলাম জানান, সকাল সাড়ে ৯টার দিকে যাত্রীবাহী সিএনজিচালিত অটোরিকশাটি ফুলপুরের দিকে যাচ্ছিল। পথে আলালপুর এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি পিকআপের সঙ্গে এর মুখোমুখি সংঘর্ষ হয়।
এতে ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে।
এ ঘটনায় পরবর্তী আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন বলেও জানিয়েছেন ওসি।