এক্সপ্রেসওয়েতে ট্রাকের চাকা বদলাচ্ছিলেন চালক-হেলপার, আরেক গাড়িচাপায় নিহত
ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত হয়েছেন।
আজ শনিবার ভোররাত ৪টার দিকে উপজেলার ঘারুয়া ইউনিয়নের বামনকান্দা এলাকায় এক্সপ্রেসওয়ের বগাইল টোল প্লাজার প্রায় ৫০০ গজ পূর্বে ভাঙ্গামুখী মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত দুজন হলেন, ট্রাকচালক মো. ইয়াকুব (২৬) ও তার সহযোগী মো. ইউসুফ (৫০)। তারা উভয়ই যশোরের কোতোয়ালী থানার রূপদিয়া এলাকার বাসিন্দা।
শিবচর হাইওয়ে থানা পুলিশ জানিয়েছে, এক্সপ্রেসওয়ের ঢাকা থেকে ভাঙ্গামুখী লেনে একটি মালবাহী ট্রাকের পেছনের চাকা নষ্ট হয়ে গিয়েছিল। ট্রাক থামিয়ে চালক ও তার সহযোগী মেরামত করছিলেন। সে সময় আরেকটি গাড়ি তাদের চাপা দিয়ে চলে যায়।
শিবচর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিজানুর রহমান বলেন, ‘নিহত ট্রাকচালক ও তার সহযোগীর মরদেহ উদ্ধার করে থানায় রাখা হয়েছে।’
‘এছাড়া দুর্ঘটনাকবলিত মালবাহী ট্রাকটি উদ্ধার করে শিবচর হাইওয়ে থানায় নেওয়া হয়েছে। এ ব্যাপারে আইনগত পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে,’ যোগ করেন তিনি।