ফতুল্লায় ঘরে গ্যাস বিস্ফোরণ: বাবা-বোনের পর মারা গেল শিশু মুন্নাও

নিজস্ব সংবাদদাতা, নারায়ণগঞ্জ

নারায়ণগঞ্জের ফতুল্লায় গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে দগ্ধ হয়ে বাবা ও বোনের পর মারা গেছে শিশু মুন্নাও। 

জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় আজ বৃহস্পতিবার সকাল ৯টা ৪০ মিনিটের দিকে তার মৃত্যু হয়। ইনস্টিটিউটের আবাসিক সার্জন সহকারী অধ্যাপক ডা. শাওন বিন রহমান জানান, ১২ বছর বয়সী মুন্নার শরীরের ৪০ শতাংশ দগ্ধ ছিল।

এর মাত্র কয়েক ঘণ্টা আগে বুধবার সন্ধ্যায় একই হাসপাতালে মারা যায় মুন্নার বোন কথা (৫)। তার শরীরের ৫২ শতাংশ পুড়ে গিয়েছিল এবং শ্বাসনালীও ক্ষতিগ্রস্ত হয়েছিল। এর আগে গত সোমবার সকালে ৯৫ শতাংশ দগ্ধ অবস্থায় তাদের বাবা মো. কালাম (৩৫) মারা যান।

গত ১০ মে সকালে ফতুল্লার গিরিধারা এলাকায় একটি ছয়তলা ভবনের নিচতলার ফ্ল্যাটে এ বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে একই পরিবারের দম্পতি ও তাদের তিন সন্তান দগ্ধ হন।

ফায়ার সার্ভিসের ধারণা, তিতাস গ্যাস লাইনের লিকেজ থেকে ঘরে গ্যাস জমে এই বিস্ফোরণ ঘটেছে।

চিকিৎসকরা জানিয়েছেন, কালামের স্ত্রী সায়মা (৩২) এবং তাদের বড় মেয়ে মুন্নি (৭) বর্তমানে একই হাসপাতালে আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন। সায়মার শরীরের ৬০ শতাংশ এবং মুন্নির ৩৫ শতাংশ দগ্ধ হয়েছে।