ফটিকছড়িতে ইটভাটার মাটি কাটার গর্তে ডুবে ২ শিশুর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

চট্টগ্রামের ফটিকছড়িতে ইটভাটার জন্য মাটি কাটার ফলে তৈরি পানিভর্তি গর্তে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে।

আজ রোববার দুপুরের দিকে উপজেলার পশ্চিম হারুয়ালছড়ি গ্রামে এ ঘটনা ঘটে। 

ভুজপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিপুল দে দ্য ডেইলি স্টারকে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

নিহতরা হলেন—মোহাম্মদ হানিফের মেয়ে ফারজানা আক্তার (৯) ও হাবিবুর রহমানের মেয়ে সানজিদা আক্তার (৭)।

ফারজানা স্থানীয় একটি মাদ্রাসার তৃতীয় শ্রেণির ও সানজিদা প্রাক-প্রাথমিক স্তরের শিক্ষার্থী ছিল।

স্থানীয়দের বরাতে পুলিশ জানায়, দুপুরের দিকে গর্তটির পাশে খেলার সময় শিশু দুজন পানিতে পড়ে ডুবে যায়। তাদের সঙ্গে থাকা তৃতীয় শিশুটি দৌড়ে গিয়ে পরিবারের সদস্যদের খবর দেয়। স্বজনরা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

ওসি বিপুল দে বলেন, ‘পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।’

ফটিকছড়ির স্থানীয় সাংবাদিক সালাউদ্দিন জিকু দ্য ডেইলি স্টারকে জানান, উপজেলায় ৫০টির বেশি ইটভাটা স্থাপন করা হয়েছে, যার অধিকাংশই অবৈধভাবে পরিচালিত হচ্ছে।

তিনি বলেন, ‘অসাধু মাটি ব্যবসায়ী ও ভাটা মালিকদের একটি চক্র লাভের আশায় আইন উপেক্ষা করে নির্বিচারে কৃষিজমি থেকে মাটি কেটে নিচ্ছে। বিশেষ করে ফটিকছড়ির উত্তরাঞ্চলে শত শত একর কৃষিজমি পানিভর্তি গর্তে পরিণত হয়েছে।’