কবিদের নতুনভাবে আবিষ্কারের আহ্বান

স্টার অনলাইন রিপোর্ট

কবি শামসুর রাহমান ও আল মাহমুদসহ দেশের প্রধান কবিদের সাংস্কৃতিক ভাবাদর্শকে নতুন করে উপলব্ধির আহ্বান জানিয়েছেন সাংবাদিক ও কবি সাজ্জাদ শরিফ।

রাজধানীর পরীবাগে সংস্কৃতি বিকাশ কেন্দ্রে গতকাল শনিবার 'জাতীয়তাবাদ ও ধর্ম: শামসুর রাহমান ও আল মাহমুদ' শীর্ষক অনুষ্ঠানে তিনি এ আহ্বান জানান।

'সংস্কৃতিবাংলা' আয়োজিত এই অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করে সাজ্জাদ শরিফ বলেন, 'সংস্কৃতির মধ্যে ধর্ম থাকা কোনো সংকটের বিষয় নয়। শামসুর রাহমান ও আল মাহমুদকে কেবল জাতীয়তাবাদ বা ধর্মের সংকীর্ণ ফ্রেমে দেখা আমাদের তাত্ত্বিক দৈন্য। এই দুই প্রধান কবির সাংস্কৃতিক ভাবাদর্শ মূলত এক এবং তাদের ও সব প্রধান কবিদের নতুন উপলব্ধির আলোকে আবিষ্কার করা জরুরি।'

অনুষ্ঠানের সভাপতি অধ্যাপক খালিকুজ্জামান ইলিয়াস বলেন, 'একজন মানুষের বাঙালি ও মুসলিম—উভয় পরিচয় থাকা স্বাভাবিক।'

তিনি আল মাহমুদের কবিতায় ইসলামি শব্দের সার্থক প্রয়োগের প্রশংসা করেন।

সূচনা বক্তব্যে 'সংস্কৃতিবাংলা'র সচিব ষড়ৈশ্বর্য মুহম্মদ বলেন, 'রাজনৈতিক বিভাজন থেকে বেরিয়ে কবিদের ভিন্ন আঙ্গিকে বিচার করা প্রয়োজন।' 

অধ্যাপক মাসউদ ইমরান মান্নুর সমাপনী বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠানটি শেষ হয়।