সিনেমার পর্দায় ‘আমেরিকান স্বপ্নের’ রূপকার ফ্র্যাংক ক্যাপরা

মাহমুদ নেওয়াজ জয়
মাহমুদ নেওয়াজ জয়

রাতের শহর। বরফ পড়ছে ধীরে ধীরে। একজন মানুষ সেতুর রেলিংয়ে দাঁড়িয়ে ভাবছে—জীবনটা আদৌ কোনো অর্থ বহন করে কি না। ঠিক তখনই কোথা থেকে যেন এসে পড়ে এক অদ্ভুত আলো। মনে হয় পৃথিবী এখনো পুরোপুরি নিষ্ঠুর হয়ে যায়নি। এই দৃশ্যটা একটা যুগের মানসিক প্রতিচ্ছবি। আর সেই প্রতিচ্ছবির নির্মাতা ফ্র‍্যাংক ক্যাপরা।

হলিউডে বহু পরিচালক এসেছেন, যারা দুর্দান্ত গল্প বলেছেন, অসাধারণ ফ্রেম বানিয়েছেন কিংবা প্রযুক্তিকে নতুন উচ্চতায় নিয়ে গেছেন। কিন্তু ক্যাপরা আলাদা। কারণ তিনি আমেরিকার সাধারণ মানুষের স্বপ্নকে পর্দায় তুলে ধরেছিলেন। সেটিও এমন এক সময়, যখন মানুষ নিজেদের ভবিষ্যৎ নিয়ে নিশ্চিত ছিল না।

তার সিনেমা দেখতে দেখতে মনে হয়, পৃথিবী ভাঙছে ঠিকই, কিন্তু মানুষের ভেতরের আলোটা এখনো নিভে যায়নি।

ক্যাপরার জীবন নিজেই যেন ‘আমেরিকান ড্রিমের’ ক্লাসিক সংস্করণ। ইতালির সিসিলি থেকে দরিদ্র অভিবাসী পরিবার নিয়ে ছোটবেলায় তিনি আমেরিকায় আসেন। ক্যালিফোর্নিয়ার রাস্তায় সংবাদপত্র বিক্রি করা ছেলেটিই একসময় হলিউডের সবচেয়ে শক্তিশালী গল্পকারদের একজন হয়ে ওঠেন। এটিই যেন তার নিজের জীবনের সিনেমার প্লট।

তাই তিনি ‘আমেরিকান স্বপ্ন’ বাস্তব জীবনের অভিজ্ঞতা হিসেবে দেখেছেন। আবার তিনি কখনোই শুধু স্বপ্ন বিক্রি করেননি। বরং দেখিয়েছেন, স্বপ্নের ভেতরেও সংঘাত থাকে, সিস্টেমের প্রতিরোধ ও বাধা থাকে, ভাঙন থাকে।

ইটস অ্যা ওয়ান্ডারফুল লাইফ (১৯৪৬) সিনেমার দৃশ্য। ছবি: সংগৃহীত

এই ভাবনাতেই তার নিজস্ব সিনেমার ভাষা তৈরি হয়, যা পরে ‘ক্যাপরেস্ক’ নামে পরিচিত হয়।

ক্যাপরেস্ক মূলত আশার বার্তা দেয়। তবে এটি এমন এক নৈতিক সিনেম্যাটিক বাস্তবতা, যেখানে সাধারণ মানুষ বড় ব্যবস্থার বিরুদ্ধে দাঁড়ায়। আর সেই দাঁড়ানোর ভঙ্গিটাই গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। এই নৈতিকতার ব্যবহার তার গল্পে এবং ক্যামেরাতেও আছে।

ক্যাপরার ক্যামেরা নিরপেক্ষ নয়। ‘মিস্টার স্মিথ গোজেস টু ওয়াশিংটনে’ (১৯৩৯) ওয়াশিংটনের সিনেট চেম্বারকে তিনি এমনভাবে ফ্রেম করেন, যাতে করে বিশাল স্থাপত্যের ছাপ নেমে চরিত্রের ওপর। লো অ্যাঙ্গেল শট এবং গভীর ডেপথ অফ ফিল্ড ব্যবহার করে তিনি সিস্টেমকে একটি চাপা উপস্থিতি হিসেবে জীবন্ত করে তোলেন। জেফারসন স্মিথকে সেখানে শারীরিকভাবে ছোট লাগে। কিন্তু তিনি নৈতিকভাবে একা দাঁড়িয়ে থাকা মানুষ।

এই চলচ্চিত্রে স্টেজিংও গুরুত্বপূর্ণ। চরিত্ররা প্রায়ই ফ্রেমের কেন্দ্রে থাকে না। তারা দরজার পাশে, করিডরের শেষে বা বিশাল খালি স্পেসের মধ্যে দাঁড়িয়ে থাকে। সমাজের ভেতরেই যেন তাদের অবস্থান প্রশ্নবিদ্ধ।

১৯৩০-এর দশকের আমেরিকা ছিল বিধ্বস্ত। গ্রেট ডিপ্রেশন মানুষের স্বপ্নকে ভেঙে দিয়েছিল। সেই সময়ে হলিউডের বিনোদনমূলক ফ্যান্টাসি থেকে বের হয়ে ক্যাপরা এক ভিন্ন পথ বেছে নিলেন।

‘মিস্টার ডিডস গোজ টু টাউনে’ (১৯৩৬) লংফেলো ডিডসকে দেখা যায় সরল এবং নিরীহ মানুষ হিসেবে। ক্যাপরার ক্যামেরা তাকে হাসির পাত্র না বানিয়ে ধীরে ধীরে তাকে নৈতিকতার কেন্দ্র হিসেবে প্রতিষ্ঠা করে। এখানে ক্লোজ আপ গুরুত্বপূর্ণ—যখন ডিডস নীরব থাকে, তখন ক্যামেরা তার মুখে দীর্ঘ সময় স্থির থাকে, যেন দর্শক তার সিদ্ধান্তের ভেতরে ঢুকে পড়ে।

ক্যাপরার এই ‘ক্লোজ আপ দর্শন’ শুধু আবেগ দেখানোর জন্য নয়, এটা নৈতিক দ্বিধার ভিজুয়াল ভাষা।

মি.ডিডস গোজ টু টাউন (১৯৩৬) সিনেমার দৃশ্য। ছবি: সংগৃহীত

‘মিট জন ডোতে’ (১৯৪১) এই ভাষা আরও তীক্ষ্ণ হয়। এখানে গণমাধ্যম, জনমত আর রাজনৈতিক নিয়ন্ত্রণ একসঙ্গে কাজ করে। ক্যাপরা এখানে একটি কৃত্রিম চরিত্র তৈরি করে ন্যারেটিভ স্ট্রাকচার বদলে দেন। তারপর সেই চরিত্রই বাস্তব হয়ে ওঠে।

এই সিনেমার স্টেজিং নাট্যধর্মী। বড় জনসভা, উঁচু মঞ্চ, নিচে অন্ধকার ভিড়—সবকিছুই ক্ষমতার স্তর বোঝাতে ব্যবহৃত হয়। ক্যামেরা কখনো উপরে, কখনো নিচে ঘুরে এই ক্ষমতার ভারসাম্যহীনতা দেখায়।

তার সবচেয়ে বিখ্যাত কাজ ‘ইটস অ্যা ওয়ান্ডারফুল লাইফে’ (১৯৪৬) এই সব টেকনিক একসঙ্গে ব্যবহৃত হয়ে সিনেমাটিকে ক্লাসিকে পরিণত করে।

জর্জ বেইলির গল্পে আবেগের এক ধরনের সিনেমাটিক নির্মাণ করেছেন ক্যাপরা। ফ্ল্যাশব্যাক স্ট্রাকচারের মাধ্যমে তার জীবনকে টুকরো টুকরো করে দেখানো হয়, যা শেষে একটি নৈতিক সমীকরণ তৈরি করে। এটি ধাপে ধাপে গড়ে ওঠা আবেগের স্থাপত্য।

এখানে ক্যামেরা খুব ব্যক্তিগত চিন্তার জায়গা থেকে পরিচালিত হয়েছে। অনেক সময় চরিত্রের মুখ ফ্রেম ভরাট করে ফেলে, চারপাশের পৃথিবী অস্পষ্ট হয়ে যায়। দর্শক যেন সরাসরি তার ভেতরকার সংকটের মধ্যে আটকে পড়ে।

মি. স্মিথ গোজ টু ওয়াশিংটন (১৯৩৯) সিনেমার একটি দৃশ্য, ছবি: সংগৃহীত

স্টেজিংও এখানে প্রতীকী—ছোট শহরের ঘর, সেতু, ব্যাংক, রাস্তা সবকিছুই নৈতিক সিদ্ধান্তের জায়গা হয়ে ওঠে। ক্যাপরা দেখান, বড় সিদ্ধান্ত সবসময় বড় জায়গায় হয় না, ছোট জায়গার ভেতরেই কখনো কখনো ইতিহাস বদলে যায়।

তবে ক্যাপরাকে নিয়ে একটা জায়গায় সমালোচনাও আছে। তার সিনেমা খুব বেশি আদর্শবাদী। কিন্তু অনেক সময়ই এমন মনে হয় যে, বাস্তবতা এত সহজ নয়। সৎ মানুষ সবসময় জেতে না।
কিন্তু ক্যাপরা হয়তো বাস্তবতা নয়, সম্ভাবনা দেখাতে চেয়েছিলেন। এই জায়গায় তিনি চার্লস ডিকেন্সের মতো। যিনি অন্ধকার দেখেও মানুষের ভেতরের আলোকে বিশ্বাস করেছেন।

তবে এ ক্ষেত্রে প্রশ্ন হলো, আজকের পৃথিবীতে ক্যাপরা কি প্রাসঙ্গিক? অদ্ভুতভাবে, আরও বেশি প্রাসঙ্গিক।

কারণ আমরা এখন এমন এক সময়ে বাস করি যেখানে মানুষের বিশ্বাস ভেঙে যাচ্ছে। রাজনীতি, গণমাধ্যম, প্রযুক্তি, সম্পর্ক—সব জায়গায় এক ধরনের অনিশ্চয়তা তৈরি হয়েছে।

ফ্র‍্যাংক ক্যাপরা। ছবি: সংগৃহীত

এই সময় ‘মিস্টার স্মিথ গোজ টু ওয়াশিংটনে’ (১৯৩৯) গণতন্ত্রের ভেতরের ফাঁকগুলোকে নতুনভাবে দেখা যায়।

‘মিট জন ডো’(১৯৪১) দেখে মনে হয় ডিজিটাল যুগের আগাম ইঙ্গিত, যেখানে পরিচয় তৈরি করা যায়, আবার ধ্বংসও করা যায়।

আর ‘ইটস আ ওয়ান্ডারফুল লাইফ’ (১৯৪৬) মনে করিয়ে দেয়, একজন মানুষের জীবন দৃশ্যমান অর্জনের বাইরেও মূল্যবোধ ও সংবেদনশীলতা ও সহানুভূতির প্রভাব নিয়ে গঠিত।

ক্যাপরার সিনেমায় একটা জিনিস কখনো বদলায় না—’আলো’।কখনো সে আলো থাকে শহরের রাস্তার ল্যাম্পপোস্টে, কখনো জানালার ভেতর থেকে আসা উষ্ণতায়, কখনো একজন মানুষের চোখের মধ্যে।

ক্যাপরা জানতেন, পৃথিবী ধ্বংসযজ্ঞে বা যুদ্ধে ক্ষতিগ্রস্ত হয়। মানুষ হারে। সিস্টেম জিতে যায় অনেক সময়।

তবুও তিনি বিশ্বাস করতেন, কোনো একজন মানুষ অন্য একজন মানুষের জীবন রক্ষার জন্য ঢাল হয়ে দাঁড়িয়ে যেতে পারে। আর এটাই ক্যাপরার সিনেমার সবচেয়ে বড় সত্য। তিনি আমাদের শিখিয়ে গেছেন, মানুষের সংবেদনশীলতা ও মানবিক অনুভূতিকে পুরোপুরি নষ্ট করার সাধ্য কারো নেই।