কোরবানির সময় ঘর পরিষ্কার ও জীবাণুমুক্ত রাখার কিছু টিপস

শবনম জাবীন চৌধুরী

ঈদ এলেই যেন ঘরে ঘরে খুশির জোয়ার বইতে শুরু করে। বিশেষ করে শিশুদের প্রাণোচ্ছলতায় পরিবেশ আরও উৎসবমুখর হয়ে ওঠে। তবে কোরবানির ঈদ এলে ঈদের আগে ও পরে, এমনকি ঈদের দিনগুলোতেও ঘরের কর্তা-গিন্নিদের বেশ কর্মব্যস্ত সময় কাটাতে হয়। এর মধ্যে অন্যতম হলো ঘর পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজ।

পরিচ্ছন্নতা শুধু সুন্দর দেখানোর বিষয় নয়, বরং একটি সুন্দর দিনের শুরুর প্রতীক। কোরবানির ঈদে রান্নাঘরে মাংস কাটা, রান্না, প্যাকেজিংসহ নানা ধরনের কাজ থাকে। তাই পরিষ্কারের কাজগুলো একটু আগে থেকেই পরিকল্পনা করে গুছিয়ে ফেললে ঈদের ব্যস্ততা অনেকটাই সহজ হয়ে যায়।

অপ্রয়োজনীয় জিনিস সরিয়ে ঘর গুছিয়ে নেওয়া

ঘর পরিষ্কার করার আগে অপ্রয়োজনীয় জিনিসপত্র সরিয়ে ফেলতে হবে। এতে ঘর বেশ গোছানো দেখাবে এবং কিছুটা স্পেসও বাড়বে। আমাদের ঘরে এমন অনেক জিনিস থাকে, যা আর ব্যবহার করা হয় না এবং ভবিষ্যতেও কাজে লাগার সম্ভাবনা কম—এসব জিনিস সরিয়ে ফেলাই ভালো।

এরপর শোকেস, বুকশেলফ ও স্টোরেজ কেবিনেট সুন্দরভাবে গুছিয়ে নিতে হবে। ঈদের আগে অব্যবহৃত কাপড় বা জিনিসপত্র গরিব ও অসহায় মানুষের মাঝে বিতরণ করা যেতে পারে।

জিনিসপত্র ও কমন স্পেস পরিষ্কার করা

ঘর গুছিয়ে নেওয়ার পর পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজ শুরু করতে হবে। আসবাবপত্র ও পর্দা ভালোভাবে ধুলোমুক্ত করতে হবে। কারপেট ভ্যাকুয়াম ক্লিনার বা সুবিধামতো অন্য কোনো উপায়ে পরিষ্কার করা যেতে পারে। পুরো বাসার মেঝেও ভালোভাবে মুছে নিতে হবে।

এ ছাড়া কুশন কভার ও টেবিল রানার পরিবর্তন করা যেতে পারে।

বাথরুম ভালোভাবে ধুয়ে জীবাণুমুক্ত করতে হবে। পুরোনো তোয়ালের পরিবর্তে পরিষ্কার তোয়ালে রাখতে হবে। এছাড়া অতিরিক্ত টয়লেট টিস্যু রাখতে হবে ও হ্যান্ড ওয়াশের বোতল রিফিল করতে হবে।

রান্নাঘর পরিষ্কার করে গুছিয়ে নেওয়া

পুরো রান্নাঘর ভালোভাবে পরিষ্কার করতে হবে। কোরবানির ঈদের দিন মাংস কাটা, প্রসেসিং ও রান্নার বেশিরভাগ কাজ রান্নাঘরেই হয়। তাই কিচেন স্লাব, ছুরি, কাটিং বোর্ড ও কেবিনেট ভালোভাবে পরিষ্কার করতে হবে, যেন কোনো চিটচিটে ভাব, দাগ বা দুর্গন্ধ না থাকে।

মাংস কাটার ছুরি, দা, বটি, কাটিং বোর্ড ও মাংস রাখার পাত্র ধুয়ে নির্দিষ্ট জায়গায় গুছিয়ে রাখতে হবে, যাতে ঈদের দিন সহজেই ব্যবহার করা যায়।

ফ্রিজার পরিষ্কার করা

কোরবানির মাংস সংরক্ষণের জন্য আগে থেকেই ফ্রিজার পরিষ্কার করে কিছুটা জায়গা খালি করে রাখতে হবে। এতে ঈদের দিন সহজেই মাংস সংরক্ষণ করা যাবে।

এতো গেল ঈদের আগে ঘর পরিষ্কারের কথা। পরিবার-পরিজন নিয়ে ঈদ আনন্দ উদযাপনের পর আরেকটি চ্যালেঞ্জের মুখোমুখি হতে হয়। সেটি হলো, ঈদ-পরবর্তী ঘরবাড়ি পরিষ্কার-পরিচ্ছন্নতা। কোরবানি দেওয়া, মাংস কাটা ও সংরক্ষণ শেষে ঘরের বিভিন্ন জায়গায় ময়লা হয়ে যায়।

সুস্বাস্থ্য, পরিচ্ছন্নতা ও নিরাপদ পরিবেশ বজায় রাখতে ঈদের পর পরিষ্কার-পরিচ্ছন্নতার বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ সময় অনেকেই চিন্তায় পড়ে যান—‘কোথা থেকে শুরু করব?’

চলুন, এবার সেই সমস্যার সমাধান জেনে নেই।

রান্নাঘরের যেসব জায়গা পরিষ্কার করতে হবে

কাউন্টার টপ

মাংস রান্নার সময় কাউন্টার টপ ময়লা হয়ে যাওয়া খুবই স্বাভাবিক। তাই রান্না শেষ হওয়ার পর ভালো মানের ক্লিনার ও ডিসইনফেকট্যান্ট ব্যবহার করে কাউন্টার টপ ভালোভাবে পরিষ্কার করতে হবে। এতে জায়গাটি জীবাণুমুক্ত থাকবে।

রান্নার প্রয়োজনীয় সরঞ্জামাদি

ছুরি, গ্রাইন্ডার, চপিং বোর্ড, মাংস রাখার পাত্র ও রান্নার বিভিন্ন সরঞ্জাম ডিশ ওয়াশার দিয়ে ধুয়ে পরিষ্কার করতে হবে।

সিংক

এরপর সিংক ভালোভাবে পরিষ্কার করতে হবে, যাতে ভেতরে মাংসের চর্বি বা কোনো অংশ আটকে থেকে দুর্গন্ধ তৈরি না হয়। এক্ষেত্রে ডিসওয়াশার ও গরম পানি ব্যবহার করা যেতে পারে।

মেঝে

ডিসইনফেকট্যান্ট ব্যবহার করে রান্নাঘরের মেঝে ভালোভাবে মুছে ফেলতে হবে, যাতে সেখানে মাংসের রক্ত বা চর্বি লেগে না থাকে। পরিষ্কার করার পর দ্রুত মেঝে শুকানোর ব্যবস্থাও করতে হবে।

কোরবানি দেওয়ার স্থান পরিষ্কার করা

রক্ত পরিষ্কার করা

দাগ, দুর্গন্ধ ও ব্যাকটেরিয়ার সংক্রমণ এড়াতে মাংস কাটা শেষ হওয়ার পর কোরবানির স্থান ডিটারজেন্ট, ব্লিচ ও কুসুম গরম পানির মিশ্রণ দিয়ে ঝাঁটা বা ব্রাশ ব্যবহার করে ভালোভাবে পরিষ্কার করতে হবে। এক্ষেত্রে পর্যাপ্ত পরিমাণে পানি ব্যবহার করা জরুরি।

কোরবানির বর্জ্য সঠিকভাবে অপসারণ করা

কোরবানির বর্জ্য শক্ত ও মোটা পলিথিনে ভরে নির্দিষ্ট জায়গায় ফেলতে হবে, যাতে চারপাশে দুর্গন্ধ ছড়ায় না এবং পোকামাকড় বা ব্যাকটেরিয়ার সংক্রমণ না ঘটে।

দুর্গন্ধ দূর করা

কোরবানির স্থান পরিষ্কার করার পরও অনেক সময় কাঁচা মাংস বা রক্তের অস্বস্তিকর গন্ধ থেকে যেতে পারে। এক্ষেত্রে বেকিং সোডা, সাদা ভিনেগার ও লেবুর রসের মিশ্রণ ব্যবহার করা যেতে পারে কয়লা ছড়িয়ে দিলে এই গন্ধ অনেকটাই দূর হয়ে যায়।