হলে হলে ছুটছেন ঈদের সিনেমার তারকারা
ঈদের প্রেক্ষাগৃহে এখন শুধু কেবল নয়, একেকটি হলে যেন ছোটখাটো উৎসব। মুক্তির দিন থেকেই তারকা, নির্মাতা ও কলাকুশলীদের আনাগোনায় জমে উঠেছে দেশের মাল্টিপ্লেক্স ও সিঙ্গেল স্ক্রিনগুলো। দর্শকের সঙ্গে সরাসরি দেখা, প্রতিক্রিয়া জানা আর হলে হলে প্রচার, সব মিলিয়ে ঈদ সিনেমার প্রচারণা এখন একেবারেই হলভিত্তিক উৎসবে রূপ নিয়েছে।
এবার ঈদে দেশের ১৮১টি প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে আটটি সিনেমা। এর মধ্যে আছে রকস্টার, রইদ, মালিক, মাসুদ রানা, অফিসার, তছনছ ও পিনিক। ঈদের প্রথম সপ্তাহজুড়ে সিনেমার তারকা ও টিমের সদস্যরা ছুটে যাচ্ছেন এক হল থেকে আরেক হলে।
মাল্টিপ্লেক্সে ‘রকস্টার’
শাকিব খান অভিনীত রকস্টার মুক্তির পর থেকে আলোচনায় আছে। দেশের ১০৩টি প্রেক্ষাগৃহে চলছে সিনেমাটি। স্টার সিনেপ্লেক্সে প্রথম দিনে ১৮টি শো থাকলেও পরদিন তা বেড়ে দাঁড়ায় ৩৬টিতে।
সিনেমাটির পরিচালক আজমান রুশো এবং অভিনেত্রী সাবিলা নুর ও মেহজাবিন চৌধুরী বিভিন্ন মাল্টিপ্লেক্সে গিয়ে দর্শকের সঙ্গে দেখা করছেন।
পরিচালক আজমান রুশো দ্য ডেইলি স্টারকে বলেন, ‘এই সিনেমায় প্রচলিত অ্যাকশন বা আইটেম গান নেই। আমরা দর্শকদের নতুন গল্প দিতে চেয়েছি। দর্শকের প্রতিক্রিয়া বুঝতে আরও সময় লাগবে।’
মালিক-এ অ্যাকশন, প্রেম ও ফান
অ্যাকশননির্ভর গল্প নিয়ে তৈরি মালিক দর্শকদের মধ্যে তৈরি করেছে আলাদা আগ্রহ। সাইফ চন্দন পরিচালিত এই সিনেমাটি দেশের ৩২টি প্রেক্ষাগৃহে চলছে। অনেক শো-ই ইতোমধ্যে হাউজফুল।
সিনেমাটির প্রচারে অংশ নিয়ে অভিনেতা আরেফিন শুভ বলেন, ‘ঈদের সময় মানুষ যে ধরনের সিনেমা দেখতে চায়, মালিক ঠিক সেই ধরণেরই—অ্যাকশন, প্রেম আর বিনোদনের মিশ্রণ। আমাকে এমন লুকে আগে কেউ দেখেনি।’
তার সঙ্গে অভিনয় করেছেন বিদ্যা সিনহা মিম।
রইদ টিমের সরব উপস্থিতি
মেজবাউর রহমান সুমন পরিচালিত রইদ ঈদের দিন থেকেই প্রেক্ষাগৃহে দর্শকের সঙ্গে সরাসরি যুক্ত হচ্ছে। বিভিন্ন হলে গিয়ে টিম সদস্যরা দর্শকের প্রতিক্রিয়া নিচ্ছেন। বেশ কিছু শো ইতোমধ্যেই হাউজফুল হওয়ায় সিনেমাটির আলোচনা আরও বেড়েছে।
বনলতা সেন
ঈদুল আজহায় মুক্তিপ্রাপ্ত বনলতা সেন মাল্টিপ্লেক্সে চলছে আটটি প্রেক্ষাগৃহে। প্রতিদিনই একাধিক শো হাউজফুল যাচ্ছে।
মাসুদ হাসান উজ্জ্বল পরিচালিত এই সিনেমায় অভিনয় করেছেন খাইরুল বাসার, গাজী রাকায়েত, সোহেল মণ্ডল, নাজিবা বাশার, প্রিয়তী উর্বি, রুপন্তি আকিদ, শরীফ সিরাজ ও সুমাইয়া খুশি। তারকা ও কলাকুশলীরা নিয়মিত প্রেক্ষাগৃহে গিয়ে দর্শকের সঙ্গে সময় কাটাচ্ছেন।
মাসুদ রানাতে অ্যাডভেঞ্চারের টান
সৈকত নাসির পরিচালিত মাসুদ রানা এবার ঈদে মাল্টিপ্লেক্সে চারটি প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে। সিনেমাটির টিমও নিয়মিত হলে গিয়ে প্রচারণা চালাচ্ছে। কিছু শো ইতোমধ্যেই হাউজফুল হওয়ায় দর্শকের আগ্রহ বাড়ছে।
এতে অভিনয় করেছেন রাসেল রানা, পূজা চেরি ও সৈয়দা তিথি অমি। সিনেমাটি প্রযোজনা করেছে ইমপ্রেস টেলিফিল্ম ও জাজ মাল্টিমিডিয়া।
ঈদের এই সিনেমা উৎসবে সবচেয়ে বড় পরিবর্তন এখন প্রচারণার ধরনে। শুধু ট্রেলার বা পোস্টার নয়—এখন তারকারা নিজেই যাচ্ছেন দর্শকের কাছে, হলের ভেতরে, পর্দার সামনে। দর্শকও পাচ্ছেন সরাসরি তারকাদের কাছ থেকে সিনেমার গল্প শোনার সুযোগ।