একসঙ্গে একাধিক সুগন্ধি ব্যবহার করছেন? জেনে নিন পারফিউম লেয়ারিং সম্পর্কে

স্টার অনলাইন ডেস্ক

মনে আছে কয়েক বছর আগে বলিউড তারকা শাহরুখ খানের ব্যবহৃত পারফিউম নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে কত আলোচনা হয়েছিল? তিনি কোন পারফিউম ব্যবহার করেন, কী ধরনের ঘ্রাণ পছন্দ করেন—এসবের পাশাপাশি আরেকটি বিষয়ও আলোচনায় আসে। সেটি হলো তার একাধিক সুগন্ধি একসঙ্গে ব্যবহার করার অভ্যাস। সেখান থেকেই অনেকের কাছে পরিচিত হয়ে ওঠে ‘পারফিউম লেয়ারিং’ বিষয়টি। শাহরুখ খানের মতো দুটি বা তার বেশি পারফিউম একসঙ্গে ব্যবহার করে নতুন একটি ঘ্রাণ তৈরি করার চর্চাই পরিচিত পারফিউম লেয়ারিং নামে।

সুগন্ধিপ্রেমীদের কাছে বিষয়টি অবশ্য নতুন নয়। বহু বছর ধরেই বিভিন্ন ঘ্রাণ মিলিয়ে ব্যবহার করার চর্চা রয়েছে। তবে সাম্প্রতিক সময়ে এটি নিয়ে আগ্রহ বেড়েছে। বিশেষ করে যারা নিজের জন্য আলাদা একটি ঘ্রাণ খুঁজছেন, তাদের মধ্যে।

পারফিউম লেয়ারিং কী

নাম শুনে বিষয়টি জটিল মনে হতে পারে। কিন্তু ধারণাটি বেশ সহজ। দুটি বা তার বেশি পারফিউম কিংবা সুগন্ধযুক্ত বিভিন্ন পণ্য একসঙ্গে ব্যবহার করে নতুন একটি ঘ্রাণ তৈরি করাকেই বলা হয় পারফিউম লেয়ারিং। অনেকে একটি পরিচিত পারফিউমকে ভিন্নভাবে উপভোগ করতে এটি করেন। আবার কেউ এমন একটি ঘ্রাণ তৈরি করতে চান, যা অন্যদের ব্যবহৃত সুগন্ধি থেকে কিছুটা আলাদা।

কোন ঘ্রাণের সঙ্গে কোন ঘ্রাণ

পারফিউম লেয়ারিংয়ের কোনো নির্দিষ্ট নিয়ম নেই। তারপরও কিছু সমন্বয় বেশ জনপ্রিয়।

ভ্যানিলা ও ফুলেল ঘ্রাণ

ভ্যানিলার উষ্ণতার সঙ্গে গোলাপ, জুঁই বা অন্যান্য ফুলেল নোট ভালো মানিয়ে যায়। মিষ্টি ও কোমল ঘ্রাণ পছন্দ করলে এই সমন্বয় দিয়ে শুরু করা যেতে পারে।

সাইট্রাস ও কাঠের ঘ্রাণ

লেবু, কমলা বা বার্গামট–জাতীয় সাইট্রাস নোটের সঙ্গে স্যান্ডালউড বা সিডারউডের মতো কাঠের ঘ্রাণ ব্যবহার করা যায়। সতেজ ঘ্রাণের সঙ্গে কিছুটা গভীরতাও যোগ হয়।

মস্ক ও ভ্যানিলা

মস্কি ঘ্রাণের সঙ্গে ভ্যানিলা যোগ করলে ঘ্রাণে উষ্ণতা আসে। সন্ধ্যার আয়োজন বা বিশেষ অনুষ্ঠানের জন্য এই সমন্বয় জনপ্রিয়।

ফুলেল ও ফলের ঘ্রাণ

জুঁই, গোলাপ বা অন্যান্য ফুলেল নোটের সঙ্গে পিচ, নাশপাতি বা বেরি–জাতীয় ফলের ঘ্রাণ মিলিয়ে ব্যবহার করা যায়। এতে ঘ্রাণে হালকা ও প্রাণবন্ত ভাব আসে।

অ্যাম্বার ও ভ্যানিলা

গভীর ও দীর্ঘস্থায়ী ঘ্রাণ পছন্দ করলে এই সমন্বয় চেষ্টা করে দেখা যেতে পারে। তবে দুটি নোটই তুলনামূলক শক্তিশালী হওয়ায় অল্প পরিমাণে ব্যবহার করাই ভালো।

শুরু করবেন কীভাবে?

প্রথমবার পারফিউম লেয়ারিং করতে চাইলে দুটি সুগন্ধি দিয়েই শুরু করা ভালো। একসঙ্গে অনেকগুলো ঘ্রাণ ব্যবহার করলে কোন নোট কীভাবে কাজ করছে, সেটি বোঝা কঠিন হয়ে যায়। একটি সহজ উপায় হলো কবজির এক পাশে একটি এবং অন্য পাশে আরেকটি সুগন্ধি ব্যবহার করা। কয়েক মিনিট পর দুটি ঘ্রাণ একসঙ্গে কেমন অনুভূতি দিচ্ছে, সেটি বোঝার চেষ্টা করা যেতে পারে। নতুন কোনো সমন্বয় ব্যবহার করে সরাসরি কোনো অনুষ্ঠান বা গুরুত্বপূর্ণ কাজে যাওয়ার আগে এক-দুদিন পরীক্ষা করে নেওয়া ভালো।

পারফিউম লেয়ারিং মানেই দুটি পারফিউম নয়। সুগন্ধযুক্ত বডি লোশন, বডি মিস্ট কিংবা পারফিউম অয়েলও এর অংশ হতে পারে। অনেকে একই ঘ্রাণের লোশন ব্যবহার করে তার ওপর পারফিউম লাগান। আবার কেউ লোশনের এক ধরনের ঘ্রাণের সঙ্গে ভিন্ন ধরনের পারফিউমও ব্যবহার করেন। এতে ঘ্রাণে নতুন মাত্রা যোগ হতে পারে।

যে ভুলগুলো এড়ানো ভালো

প্রথম দিনেই তিন বা চার ধরনের সুগন্ধি একসঙ্গে ব্যবহার না করাই ভালো। আলাদাভাবে ভালো লাগা দুটি ঘ্রাণ একসঙ্গে ব্যবহার করলে ফল সব সময় ভালো হবে, এমন কোনো নিশ্চয়তা নেই। অতিরিক্ত পরিমাণে সুগন্ধি ব্যবহার করাও এড়িয়ে চলা উচিত। কারণ পারফিউম লেয়ারিংয়ের উদ্দেশ্য ঘ্রাণকে তীব্র করে তোলা নয়, বিভিন্ন নোটের মধ্যে একটি ভারসাম্য তৈরি করা।

দামি পারফিউম কি প্রয়োজন?

এক কথায়, না। পারফিউম লেয়ারিংয়ের জন্য সব সময় নতুন বা দামি পারফিউম কেনার প্রয়োজন হয় না। নিজের সংগ্রহে থাকা সুগন্ধিগুলো দিয়েই শুরু করা যায়। একই দুটি পারফিউম ভিন্ন মানুষের ত্বকে ভিন্নভাবে প্রকাশ পেতে পারে। তাই অন্য কারও পছন্দের সমন্বয় নিজের ক্ষেত্রেও একইভাবে কাজ করবে, এমন ধারণা না রাখাই ভালো। পারফিউম লেয়ারিংয়ের মজাটাও এখানেই। নির্দিষ্ট কোনো সূত্র নেই, নেই একটাই সঠিক সমন্বয়। নিজের পছন্দের ঘ্রাণ খুঁজে নেওয়ার যাত্রাটাই এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ।