২০২৬ সালে নারীদের ফ্যাশন ট্রেন্ড

শবনম জাবীন চৌধুরী

বলা হয়ে থাকে, ফ্যাশন শুধু পোশাক নয়; এটি নারীর আত্মপরিচয় প্রকাশের এক নীরব ভাষা। একজন নারীর জীবনে পোশাক নির্বাচন একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত। কারণ কী পরা হবে এই ভাবনাতেই আমরা প্রায়ই বেশ খানিকটা সময় ব্যয় করি। এক্ষেত্রে স্থান, কাল ও পাত্র—এই তিনটি বিষয় বিবেচনায় রেখে পোশাক নির্বাচন করা জরুরি।

নতুন বছরে পোশাকে স্বাভাবিকভাবেই চাই কিছুটা ভিন্নতা, চাই স্টাইলে যোগ হোক নতুন মাত্রা। শীত শেষে শুরু হয়েছে বসন্ত। এর পরপরই গ্রীষ্মকাল দাঁড়িয়ে আছে আগমনের অপেক্ষায়।

এই পরিবর্তনশীল ঋতু ও সময়ের প্রেক্ষাপটে চলুন জেনে নেওয়া যাক, এই বছরে ফ্যাশন ট্রেন্ড কোন দিকে এগোচ্ছে এবং কীভাবে আমরা আমাদের পোশাক নির্বাচনে সেই ট্রেন্ডের প্রতিফলন ঘটাতে পারি।

২০২৫ সালের ফ্যাশন ট্রেন্ডে আমরা মূলত সফট কালার ও সত্তরের দশকের বোহেমিয়ান স্টাইলের পোশাকের প্রাধান্য দেখেছি। তবে ২০২৬ সালের ধারায় এসেছে কিছুটা ভিন্নতা। এ বছর গুরুত্ব পাচ্ছে উজ্জ্বল রঙগুলো। পাশাপাশি আশির দশকের ফ্যাশন স্টাইলের আধুনিক অনুকরণও চোখে পড়ছে।

প্রথমেই আসা যাক রঙের কথায়। বসন্তকালে প্রকৃতি যেন নানা রঙের ডালা সাজিয়ে থাকে। এই ঋতুর উজ্জ্বলতা থেকেই এ বছরের ফ্যাশন রঙগুলোর অনুপ্রেরণা নেওয়া হয়েছে। ফলে ২০২৬ সালের ট্রেন্ডে দেখা যাবে নানা বাহারি ও প্রাণবন্ত রঙের উপস্থিতি—যেমন: মিন্ট গ্রিন, হালকা গোলাপি, গাঢ় লাল, নেভি ব্লু, কোবাল্ট ব্লু, রয়্যাল পারপেল, পপকর্ন ইয়েলো ও ভ্যানিলা ইয়েলো।

এবার আসা যাক ২০২৬ সালে কোন প্রিন্ট বা স্টাইলগুলো প্রাধান্য পাচ্ছে সে বিষয়ে।

পলকা ডট প্রিন্ট

পলকা ডট প্রিন্টের চাহিদা সবসময়ই থাকে। ২০২৫ সালেও এই প্রিন্টের পোশাকের চাহিদা ছিল উল্লেখযোগ্য এবং ২০২৬ সালেও এটি অব্যাহত থাকবে। বিশেষত গ্রীষ্মকালে এই প্রিন্টের পোশাক দেখা গেলেও, শীতকালেও বিভিন্ন সোয়াটার বা জ্যাকেটে ডট প্যাটার্নের ব্যবহার দেখা যায়। ছোট ডট বা বড় ডট—দুটিই সুন্দরভাবে মানানসই। তবে ধারণা করা হচ্ছে, এবার বড় ডটের জনপ্রিয়তা আরও বাড়বে।

চেক প্রিন্ট

চেক প্রিন্ট যেকোনো আউটফিটে একটি ভিন্ন মাত্রা যোগ করে। এ বছরের ফ্যাশনেও এর জনপ্রিয়তা বজায় থাকবে। বছরের বিভিন্ন সময় এবং ঋতু অনুযায়ী চেক প্রিন্ট বিভিন্ন প্যাটার্ন ও ডিজাইনে ঘুরে ফিরে আসে। ব্যক্তি রুচি অনুযায়ী বিভিন্ন স্টাইলে এটি সমানভাবে জনপ্রিয়।

অ্যানিমেল প্রিন্ট

২০২৪-২০২৫ সালে চিতা প্রিন্টের জনপ্রিয়তা ছিল চোখে পড়ার মতো। তবে ধারণা করা হচ্ছে, ২০২৬ সালে জেব্রা, ডালমেশিয়ান, স্নেক ও ক্রোকোডাইল প্রিন্টের চাহিদা আরও বাড়বে।

লেয়ারিং

২০২৬ সালে একাধিক পোশাক একসঙ্গে পরার লেয়ারিং ট্রেন্ড তুঙ্গে থাকবে। এটি শুধুমাত্র শীত নিবারণের জন্য নয়, স্টাইলের কারণে প্রায় সব ঋতুতেই লেয়ারিং দেখা যাবে। উদাহরণস্বরূপ: একটি টিশার্টের ওপর আরেকটি টিশার্ট পরা, কুর্তির সঙ্গে শ্রাগ পরা বা যেকোনো ড্রেসের উপরে স্কার্ফ ব্যবহার।

লেসের ব্যবহার

বিভিন্ন পোশাকে লেসের উপস্থিতি বেশ উল্লেখযোগ্যভাবে চোখে পড়বে। কুর্তি, স্কার্ট, প্যান্ট বা স্কার্ফে লেস সংযোজন নারীদের পছন্দের তালিকায় এক গুরুত্বপূর্ণ জায়গা করে নেবে। পোশাকের এক্সেসরিজের কথা বলতে গেলে বলতে হয় ব্রোচ ও স্কার্ফের কথা।

ব্রোচ

সাধারণত যারা বোরখা বা হিজাব পরে থাকেন, তারা মূলত ব্রোচ ব্যবহার করে থাকেন। তবে ২০২৬ সালে এটি এক ধরনের ফ্যাশন ট্রেন্ডে রূপান্তরিত হচ্ছে। এখন বিভিন্ন পোশাকের আনুষঙ্গিক হিসেবে ব্রোচের ব্যবহার দিনদিন জনপ্রিয় হয়ে উঠছে এবং ধারণা করা হচ্ছে, এর জনপ্রিয়তা আগের বছরগুলোকে ছাড়িয়ে যাবে। বিশেষভাবে সিরামিক বা এনামেলের ছাঁচের ওপর বসানো সিলভার এবং গোল্ডেন ব্রোচ ফ্যাশনপ্রেমীদের পছন্দের শীর্ষে থাকবে।

স্কার্ফ

স্কার্ফও ফ্যাশনপ্রেমীদের অন্যতম প্রিয় এক্সেসরিজ। এটি বিভিন্নভাবে স্টাইলে নতুন মাত্রা যোগ করে, যেমন: মাথায় হেডব্যান্ডের মতো পরা, গলায় পেঁচানো, ব্যাগে বাঁধা বা কোমরে বেল্টের মতো ব্যবহার। এক্ষেত্রে সিল্কের স্কার্ফের জনপ্রিয়তা সবচেয়ে বেশি।