আপনি কি ‘পান্ডা প্যারেন্ট’, মিলিয়ে নিন নিজের সঙ্গে
সবাই চাই সন্তান বড় হয়ে আত্মবিশ্বাসী, দায়িত্বশীল ও ভালো মানুষ হোক। অভিভাবকরা আরও চান, সন্তান যেন নিজের ব্যাপারে সঠিক সিদ্ধান্ত নিতে পারে। কিন্তু সমস্যা হলো, অনেক সময় বাবা-মা বুঝতে পারেন না সন্তানকে কতটা স্বাধীনতা দেবেন, আর কতটা নিয়ন্ত্রণ করবেন। তাই তারা দ্বিধায় থাকেন, সন্তানকে সব সময় চোখে চোখে রাখবেন, নাকি নিজের মতো শেখার সুযোগ দেবেন?
এই সমস্যার সমাধানের ভালো একটি উপায় হতে পারে পান্ডা প্যারেন্টিং। এই প্যারেন্টিংয়ের মূল উদ্দেশ্য হলো, সন্তানকে বিশ্বাস করা, তাকে নিজের অভিজ্ঞতা থেকে শেখার সুযোগ দেওয়া এবং পাশে থেকে তাকে সাহস জোগানো।
পান্ডা প্যারেন্টিং কী
টুডে ডটকমের প্রতিবেদনে বলা হয়, পান্ডা প্যারেন্টিং এক ধরনের শিশুপালন পদ্ধতি। যেখানে বাবা-মা সন্তানের জীবনের সবকিছু নিয়ন্ত্রণের চেষ্টা করেন না। তারা সন্তানের জন্য নিরাপদ পরিবেশ তৈরি করেন। তবে কোনো কিছু চাপিয়ে দেন না।
ধরুন, সন্তান কোনো সমস্যায় পড়েছে। তখন অনেক বাবা-মা সঙ্গে সঙ্গে সমাধান বলে দেন। কিন্তু একজন পান্ডা প্যারেন্ট প্রথমে সন্তানের কাছে সমাধান জিজ্ঞেস করেন। তিনি তার মতামত জানতে চান। প্রশ্নটা সাধারণত অনেকটা এমন হয়—‘কীভাবে এই সমস্যার সমাধান হতে পারে। এ ব্যাপারে তোমার মতামত কী?’
অর্থাৎ, তারা সন্তানের হয়ে সিদ্ধান্ত নেন না। বরং সন্তানের সিদ্ধান্ত নেওয়ার সক্ষমতা গড়ে তুলতে সাহায্য করেন। এভাবে তারা সন্তানকে আত্মবিশ্বাসী হতে সব ধরনের সহযোগিতা করেন।
প্যারেন্টস ডটকমের প্রতিবেদন অনুসারে, এই ধারণাটি জনপ্রিয় করেন মার্কিন শিক্ষাবিদ ও লেখক এস্থার ওজিস্কি। তিনি মনে করেন, সন্তানকে সফল মানুষ হিসেবে গড়ে তুলতে হলে তাকে ছোট থেকেই বিশ্বাস করতে হবে। তার মতামতকে গুরুত্ব দিতে হবে।
পান্ডা প্যারেন্টিংয়ের পাঁচটি ভিত্তি আছে। এগুলো হলো—বিশ্বাস, সম্মান, স্বাধীনতা, সহযোগিতা, সহমর্মিতা ও সহানুভূতি।
নাম কেন পান্ডা প্যারেন্টিং
আমরা জানি পান্ডা এক ধরনের প্রাণী। তারা নিজের বাচ্চাদের খুব ভালোবাসে। কিন্তু সব সময় বাচ্চাদের নিয়ন্ত্রণ করে না। বরং তাদের নিরাপদে রেখে ধীরে ধীরে নিজের মতো করে চলতে শেখায়।
পান্ডা প্যারেন্টিংয়ের ধারণাটাও ঠিক এমন। এখানে বাবা-মা সন্তানের জন্য নিরাপদ পরিবেশ তৈরি করেন, কিন্তু তাকে নিজের মতো করে সিদ্ধান্ত নেওয়ার সুযোগ দেন।
পান্ডা প্যারেন্টের বৈশিষ্ট্য
তারা সব সময় নির্দেশ দেন না: পান্ডা প্যারেন্টরা সন্তানকে সব সময় বলে দেন না কী করতে হবে। বরং তাকে ভাবতে শেখান। যদি সন্তান কোনো সমস্যায় পড়ে, তারা সরাসরি উত্তর না দিয়ে প্রশ্ন করেন। যেমন—তোমার মতে এই সমস্যা সমাধানের ভালো উপায় কী হতে পারে?
সন্তানের সঙ্গে বিশ্বাসের সম্পর্ক গড়ে তোলেন: তারা চান সন্তান যেন কোনো ভয় ছাড়াই নিজের কথা বলতে পারে। অনেক পরিবারে সন্তানরা ভুল করলে বকা খাওয়ার ভয়ে সত্য বলে না। পান্ডা প্যারেন্টিং এই ভয় দূর করার চেষ্টা করে।
স্বাধীনতা দেন: বয়স অনুযায়ী সন্তানকে ছোট ছোট সিদ্ধান্ত নিতে দেওয়া হয়। যেমন—কোন বই পড়বে, কোথায় খেলাধুলা করবে, কীভাবে নিজের সময় ব্যবহার করবে ইত্যাদি।
সৃজনশীলতাকে উৎসাহ দেন: পান্ডা প্যারেন্টরা সব উত্তর বলে দেন না। তারা চান সন্তান নিজের মতো করে চিন্তা করুক, নতুন কিছু ভাবুক এবং নিজের মত প্রকাশ করুক।
সমস্যা সমাধান করতে শেখান: জীবনে সমস্যা আসবেই। তাই তারা সন্তানকে শেখান কীভাবে সমস্যা মোকাবিলা করতে হয়।
নিরাপদ ঝুঁকি নিতে দেন: নতুন কিছু শেখার সময় ভুল হতেই পারে। পান্ডা প্যারেন্টরা সেই ভুলকে শেখার সুযোগ হিসেবে দেখেন। তারা একটি সীমার মধ্যে সন্তানকে ঝুঁকি নিতে দেন।
পান্ডা প্যারেন্টিংয়ের সুবিধা
সবচেয়ে বড় সুবিধা হলো, সিদ্ধান্ত নেওয়ার সুযোগ পেলে শিশুর মধ্যে আত্মবিশ্বাস বাড়ে। তাদের মানসিক শক্তি ভালো হয়। সাধারণত সমস্যায় পড়লে সবসময় কেউ উদ্ধার করতে আসে না। কিন্তু শিশুদের ঝুঁকি নিতে দিলে তারা ব্যর্থতা সামলাতে শেখে।
পান্ডা প্যারেন্টিংয়ে শিশুদের স্বাধীনতা দেওয়া হয়, ফলে তার মধ্যে দায়বদ্ধতা তৈরি হয়। শিশু বুঝতে শেখে তার সিদ্ধান্তের ফল কী হতে পারে। এর মাধ্যমে শিশুর সমস্যা সমাধানের দক্ষতা বাড়ে। নিজে সমস্যার সমাধান করায় তার চিন্তাশক্তি বাড়ে।
এছাড়া সন্তান জানে, ভুল করলেও বাবা-মা তার পাশে থাকবেন। তাই বাবা-মায়ের সঙ্গে ভালো সম্পর্ক গড়ে ওঠে। তাই পান্ডা প্যারেন্টিং কেবল সন্তানের জন্য নয়, বাবা-মায়ের জন্যও স্বস্তিদায়ক। কারণ অনেক সময় বাবা-মা সন্তানের প্রতিটি বিষয় নিয়ে এত বেশি চিন্তা করেন যে নিজের জীবন, সম্পর্ক বা মানসিক স্বাস্থ্যের দিকে নজর দেওয়ার সুযোগ পান না। কিন্তু পান্ডা প্যারেন্টিংয়ের মানে হলো—সন্তানের পাশে থাকতে হবে, কিন্তু তার হয়ে সব কাজ করে দিতে হবে না। ফলে পরিবারে অযথা চাপ কমে এবং সম্পর্ক আরও সুন্দর হয়।
কিছু বিষয় মনে রাখা জরুরি
তবে পান্ডা প্যারেন্টিং মানে এই নয় যে, সন্তান যা ইচ্ছা তাই করবে। স্বাধীনতা ও বেপরোয়া আচরণ এক জিনিস নয়। এজন্য সন্তানের জন্য কিছু স্পষ্ট নিয়ম থাকা দরকার। যেমন—মিথ্যা বলা যাবে না, অন্যকে আঘাত করা যাবে না, নিরাপত্তার নিয়ম মানতে হবে, নিজের দায়িত্ব পালন করতে হবে।
এই নিয়মগুলো অবশ্যই মাথায় রাখতে হবে। কারণ এসব নিয়ম না থাকলে শিশুরা বিভ্রান্ত হতে পারে।



