হাতি কেন লাফাতে পারে না

রবিউল কমল
রবিউল কমল

আমাদের খুব পরিচিত একটি প্রাণী হাতি। বিশালীদেহী কোনো প্রাণীর নাম বলতে বলা হলে, সবার আগে হাতির নাম মাথায় আসে। এই প্রাণীটির প্রশংসা করার মতো অনেক গুণ আছে। যেমন—তাদের ঘ্রাণশক্তি খুবই। তবে আশ্চর্যের ব্যাপার হলো, হাতিকে লাফাতে দেখা যায় না।

হাতি কেন লাফাতে পারে না, এর সুনির্দিষ্ট কারণ বলা কঠিন। বিজ্ঞানীরা এ নিয়ে আলাদাভাবে কখনো বিস্তর গবেষণাও করেননি।

লন্ডনের রয়্যাল ভেটেরিনারি কলেজের বিবর্তনীয় বায়োমেকানিক্সের অধ্যাপক জন হাচিনসনের মতে, এর প্রধান কারণ সম্ভবত হাতির ওজন, দুর্বল পায়ের পেশি এবং কম নমনীয় গোড়ালি।

হাচিনসন বিজ্ঞান সাময়িকী লাইভ সায়েন্সকে বলেন, 'সাধারণত যেসব প্রাণী লাফ দেয়, তাদের গোড়ালি নমনীয় হয়। একইসঙ্গে তাদের শক্ত পায়ের পেশি প্রয়োজন হয়। কিন্তু হাতির নিচের পায়ের পেশি খুবই দুর্বল এবং তাদের গোড়ালি তেমন নমনীয় নয়।'

হাচিনসন তার ক্যারিয়ারের বড় একটি অংশ ব্যয় করেছেন হাতির চলাচল বা গতি–প্রকৃতি নিয়ে গবেষণা করে।

তিনি ও তার সহকর্মীরা ২০১০ সালে প্রসেডিংস অব দ্য ন্যাশনাল একাডেমি অব সায়েন্স জার্নালে প্রকাশিত এক গবেষণায় লেখেন, সাধারণত হাতিরা অনেক দূর পর্যন্ত হাঁটে, কিন্তু তেমন দৌড়ায় না, আর দৌড়ালেও তা খুব সীমিত সময়ের জন্য।

হাচিনসনের মতে, এর কারণ হলো দৌড়ানোর জন্য যে সহনশীলতা দরকার হয় তা হাতির কম।

গবেষণায় আরও দেখা গেছে, দৌড়ানোর সময় হাতির গতি ঘণ্টায় ১৫ মাইলের (প্রায় ২৪ কিলোমিটার) বেশি হয় না। হাচিনসন নিজেও লক্ষ্য করেছেন, প্রাপ্তবয়স্ক ও শিশু কোনো হাতির পা দৌড়ানোর সময় ভূমি থেকে পুরোপুরি ওপরে ওঠে না। অর্থাৎ দৌড়ানোর সময়ও তাদের অন্তত একটি পা সব সময় মাটিতে লেগেই থাকে।

অন্যদিকে অনেক বড় আকারের প্রাণী পা দৌড়ানোর সময় পুরোপুরি মাটি থেকে ওপরে উঠতে পারে। যেমন গণ্ডার। তবে গণ্ডার পারলেও হাতি কেন পারে না, তা পুরোপুরি পরিষ্কার নয়।

হাচিনসন বলেন, 'গণ্ডারের মধ্যে নিশ্চয়ই এমন কিছু আছে, যে কারণে তারা হাতির চেয়ে বেশি শক্তি পায়।'

তবে হাতির লাফালাফি না করাই ভালো। ক্যাঙারুর মতো লাফ দিতে গিয়ে পড়ে গেলে মারাত্মক আঘাত পাবে বলে মন্তব্য করেন তিনি।

হাচিনসনের ভাষ্য, বেশিরভাগ প্রাণী বিপদ থেকে পালানোর জন্য লাফ দেয়, যা হাতির ক্ষেত্রে তেমন প্রয়োজন হয় না। ছোট ও বেশি চটপটে প্রাণীরা শিকারির হাত থেকে বাঁচতে গতি ও লাফানোর ক্ষমতার ওপর নির্ভর করে। কিন্তু হাতির এসব দরকার হয় না। কারণ হাতির শারীরিক গঠন এক ধরনের প্রতিরক্ষা ব্যবস্থা।

তিনি আরও বলেন, হাতি কেন লাফ দেয় না, এটা নিশ্চিতভাবে বলা কঠিন। কারণ বিজ্ঞানে এ ধরনের বিষয় প্রমাণ করা সবসময় সহজ হয় না।

তিনি মজা করে বলেন, 'হয়তো হাতিরা চাইলে লাফ দিতে পারে, কিন্তু তারা লাফাতে লজ্জা পায়। এত বড় শরীর নিয়ে লাফালে অন্যরা যদি হাসাহাসি করে!'